ঢাকা বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

অটোরিকশা চালককে তুলে নিয়ে পায়ে গুলি

অটোরিকশা চালককে তুলে নিয়ে পায়ে গুলি
×

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশ: ১৪ আগস্ট ২০২৬ | ০৯:৪৫

| প্রিন্ট সংস্করণ

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় এবার এক সিএনজিচালিত অটোরিকশা চালককে একদল অস্ত্রধারী তুলে নিয়ে পায়ে গুলি করার ঘটনা ঘটেছে। গত বুধবার রাত ৯টার দিকে উপজেলার আলাইয়াপুর ইউনিয়নে ১ নম্বর ওয়ার্ডের উত্তর বর্দি গ্রামে এ ঘটনা ঘটে।

আহত অটোরিকশা চালকের নাম রাব্বি হোসেন রাকিব (২২)। তিনি উপজেলার আলাইয়ারপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ছোট সোনাইমুড়ী গ্রামের কামাল হোসেনের ছেলে। রাকিবকে শুরুতে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে গতকাল বৃহস্পতিবার দুপুরে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
এদিকে গত এক সপ্তাহে উপজেলার তিন স্থানে তিনজনকে গুলির ঘটনা ঘটেছে। গত ৬ আগস্ট রাত থেকে ১২ আগস্ট রাত পর্যন্ত এসব ঘটনা ঘটলেও পুলিশ এখন পর্যন্ত আসামি গ্রেপ্তার করতে পারেনি। এসব গুলির ঘটনায় বেগমগঞ্জে লোকজনের মাঝে আতঙ্ক বিরাজ করছে। পাশাপাশি পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠছে।

গুলিতে আহত রাকিব অভিযোগ করে বলেন, ঘটনা রাতে তিনি চন্দ্রগঞ্জ পূর্ব বাজার থেকে বাজার করে স্থানীয় হায়দার বাড়ি এলাকায় ভাড়া বাসায় যাওয়ার পথে একদল অস্ত্রধারী ইউনিয়ন পরিষদ-সংলগ্ন এলাকায় তাঁর অটোরিকশার গতিরোধ করে। পরে পিস্তল ঠেকিয়ে তাঁকে অটোরিকশা থেকে নামিয়ে আলাইয়াপুর ইউনিয়ন পরিষদের পাশে উত্তর বর্দি গ্রামের চুল্লার বাড়ির পেছনে নিয়ে যায়। সেখানে একই ইউনিয়নের আলমগীর (৩০), রাজন (২৮), রিপন (২১) ও আলম (২৮) তাঁর কাছে এক লাখ টাকা দাবি করে। টাকা দিতে অস্বীকৃতি জানালে তাঁর কাছ থেকে নগদ এক হাজার ৫০০ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে ডান পায়ের হাঁটুর পাশে গুলি করে পালিয়ে যায়।

স্থানীয় বাসিন্দা জুয়েল জানান, তিনি শুনেছেন আহত রাকিব বুধবার সন্ধ্যায় আলমগীরের মাকে নিয়ে গালি দেন। ওই ঘটনাকে কেন্দ্র করে আলমগীর ক্ষিপ্ত হয়ে রাকিবের পায়ে পিস্তল দিয়ে গুলি করেন। তিনি আরও জানান, আলমগীর এর আগেও এলাকার একাধিক ব্যক্তিকে পায়ে গুলি করে আহত করেছেন।
বেগমগঞ্জ মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. হাবীবুর রহমান বলেন, বিষয়টি নিয়ে পুলিশ কাজ করছে। এই ঘটনায় থানায় এখনও কোনো অভিযোগ দায়ের হয়নি।
এর আগে গত ৬ আগস্ট বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী হকার্স মার্কেটে জেলা বিএনপির সাবেক ধর্মবিষয়ক সম্পাদক হাজি আবুল কাশেমকে লক্ষ্য করে পিস্তল দিয়ে গুলি ছুড়ে দুর্বৃত্তরা। ওই গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে বিএনপি নেতার সহযোগী ফার্মেসি ব্যবসায়ী ইয়াসিন সেন্টুর পেটের বাঁ দিকে বিদ্ধ হয়। তিনি বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি। এ ছাড়া গত রোববার সন্ধ্যায় উপজেলার গোপালপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের রসুলপুর গ্রামের চৌকিদার বাড়িতে ওয়ার্ড যুবদল নেতা সোহাগ হোসেন সোহেলের বাড়ি ঢুকে সন্ত্রাসীরা তাঁকে গুলি করে পালিয়ে যায়।
জেলার অতিরিক্ত পুলিশ সুপার (বেগমগঞ্জ সার্কেল) এ এন এম ইমরান খান বলেন, বেগমগঞ্জে পৃথক গুলির ঘটনা পুলিশ গুরুত্বের সঙ্গে 
তদন্ত করছে। এসব ঘটনায় কাউকে আটক করতে পারেনি পুলিশ। গত বুধবার রাতের ঘটনাটি গুলি কিনা– এ নিয়ে পুলিশের সন্দেহ রয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
 

আরও পড়ুন

×