ঢাকা বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

৫০০ টাকার দাবিতে চা শ্রমিকদের বিক্ষোভ

৫০০ টাকার দাবিতে চা শ্রমিকদের বিক্ষোভ
×

কুলাউড়ার মুরইছড়া চা বাগানে চা শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের বিক্ষোভ সমাবেশ সমকাল

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশ: ১৫ আগস্ট ২০২৬ | ০৮:৪৫

| প্রিন্ট সংস্করণ

ন্যূনতম মজুরি বোর্ডের বার্ষিক ৫ শতাংশ হারে বাড়ানো ৯.৩৭ টাকা মজুরি বৃদ্ধি প্রত্যাখ্যান এবং সংশ্লিষ্ট গেজেট বাতিলের দাবি জানিয়েছে চা শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র। একই সঙ্গে দৈনিক মজুরি ৫০০ টাকা নির্ধারণের দাবিতে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার মুরইছড়া চা বাগানে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

গতকাল শুক্রবার সকালে চা শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের উদ্যোগে সীমান্তবর্তী মুরইছড়া চা বাগানে এ বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়।
মুরইছড়া চা বাগান পঞ্চায়েত কমিটির সভাপতি ও চা শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের কেন্দ্রীয় সদস্য জয়কৃষ্ণের সভাপতিত্বে এবং কেন্দ্রীয় সদস্য সত্যজিৎ উরাংয়ের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন সংগঠনের প্রধান সমন্বয়ক এস এম শুভ, সমন্বয়ক মনিষা ওয়াহিদ, চা শ্রমিক নেতা ভাগ্য, রাজু উরাং, মনি নায়েক, মালতি রায় প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, চা শ্রমিকরা স্বাধীনতার ৫৫ বছর এবং এ ভূখণ্ডে ১৮৫ বছর ধরে বসবাস করার পরও তারা ভূমিহীন ও মৌলিক অধিকার থেকে বঞ্চিত। বর্তমানে তাদের দৈনিক মজুরি ১৮৭ টাকা থেকে বাড়িয়ে ১৯৬ দশমিক ৩৭ টাকা করা হয়েছে, যা উচ্চমূল্যের বাজারে চার সদস্যের একটি পরিবারের জন্য অত্যন্ত অমানবিক।
বক্তারা আরও বলেন, ভারতের আসাম রাজ্যের ব্রহ্মপুত্র ভ্যালিতে চা শ্রমিকদের নতুন মজুরি ৩৫৮ টাকা (২৮০ রুপি) ও বরাক উপত্যকায় ৩৩০ টাকা (২৫৮ রুপি) নির্ধারণ করা হয়েছে। সে হিসেবে তাদের ৫ শতাংশ হারে ইনক্রিমেন্ট শ্রমিকের সঙ্গে তামাশা। তাই শ্রমিকবিরোধী গেজেট বাতিল করে দ্বিপক্ষীয় চুক্তির মাধ্যমে ন্যূনতম মজুরি ৫০০ টাকা করার জোর দাবি জানান তারা।

আরও পড়ুন

×