নারীদের শ্লীলতাহানি, তরুণকে গুলি, শিশুর মাথায় পিস্তল
কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: ১৫ আগস্ট ২০২৬ | ০৮:৫৫
| প্রিন্ট সংস্করণ
পটুয়াখালীর কলাপাড়ায় এক মালয়েশিয়া প্রবাসীর বাড়িতে ঢুকে সশস্ত্র ডাকাতেরা তাণ্ডব চালিয়েছে। তারা গৃহকর্তার ছেলের পায়ে গুলি করে, স্ত্রী ও পুত্রবধূকে বেধড়ক মারধর ও শ্লীলতাহানির চেষ্টা চালায়। পরে দুই বছরের শিশুর মাথায় পিস্তল ঠেকিয়ে স্বর্ণালংকার ও নগদ টাকাসহ মূল্যবান মালপত্র লুট করে নিয়ে যায়।
বৃহস্পতিবার রাত আড়াইটা থেকে ৩টার মধ্যে টিয়াখালী ইউনিয়নের পশ্চিম বাদুরতলী গ্রামে প্রবাসী মো. মঈনের বাসায় এই ঘটনা ঘটে। জানা গেছে, বাড়িতে তাঁর স্ত্রী রুমা বেগম, ছেলে নাইম ইসলাম, পুত্রবধূ এবং দুই বছর বয়সী নাতি তাসফি বসবাস করছিলেন। তারা রাতের খাবার শেষে ঘুমিয়ে পড়েন। রাত আড়াইটার দিকে ৫-৬ জন ডাকাত ঘরের দক্ষিণ পাশের জানালার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে।
ডাকাতরা আলমারি ভেঙে মালপত্র তছনছ করতে শুরু করে। তারা প্রবাসীর স্ত্রী রুমা বেগম, ছেলে নাইম ও পুত্রবধূকে হাত-পা বেঁধে মারধর করে। একপর্যায়ে পুত্রবধূর শ্লীলতাহানির চেষ্টা করে। এ সময় নাইম ইসলাম স্ত্রীকে বাঁচাতে বাধা দিতে গেলে ডাকাতরা তাঁর মাথায় আঘাত করে ও পিস্তল দিয়ে বাঁ পায়ের হাঁটুর ওপরে গুলি করে। তারা নাইমের শিশুসন্তান তাসফির মাথায় পিস্তল ঠেকিয়ে হত্যার হুমকি দেয়। পরে ১৫ ভরি স্বর্ণালংকার, ২০ হাজার টাকা, একটি আইফোন নিয়ে পালিয়ে যায়।
ডাকাতদল চলে যাওয়ার পর ভোরের দিকে বিষয়টি টের পেয়ে প্রতিবেশীরা ঘটনাস্থলে আসেন। তারা রক্তাক্ত ও গুরুতর আহত অবস্থায় নাইম, তাঁর মা রুমা বেগম ও স্ত্রী রেজবীকে উদ্ধার করে প্রথমে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। আহত সবাই বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে চিকিৎসাধীন।
- বিষয় :
- ডাকাতি