চিকিৎসাক্ষেত্রে সিন্ডিকেট নির্মূল করা হবে: পানিসম্পদ প্রতিমন্ত্রী
প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ
পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশ: ১৫ আগস্ট ২০২৬ | ১৮:৪২ | আপডেট: ১৫ আগস্ট ২০২৬ | ১৮:৪৩
পানিসম্পদ প্রতিমন্ত্রী ও পঞ্চগড় স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটির সভাপতি ফরহাদ হোসেন আজাদ বলেছেন, ‘চিকিৎসাক্ষেত্রে কেউ সিন্ডিকেট-মিন্ডিকেট করলে, তারা যত শক্তিশালীই হোক, আমরা তাদের নির্মূল করবই।’ শনিবার দুপুরে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের নতুন ভবনের সামনে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটি ও অংশীজনদের নিয়ে মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।
প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে চান। হাসপাতাল যদি সরকারি হয়, সেটা কখনোই সাংগঠনিক বা ব্যক্তিগত ফান্ড দিয়ে পরিচালনা করা কোনোভাবেই সম্ভব নয়। অবশ্যই সরকারের সরাসরি এখানে সম্পৃক্ত থাকতে হবে। কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান যদি চিকিৎসাসেবার মান নিজেদের নিয়ন্ত্রণে রাখতে চায়, তাহলে তাদের নির্মূল করা হবে।
তিনি বলেন, পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের নতুন ভবনে সেবা চালুর বিষয়ে আমি প্রধানমন্ত্রীর সাথে কথা বলেছি। তিনি আমাকে আশ্বস্ত করেছেন। আশা করি শিগগিরই আমরা নতুন বহুতল ভবনে সেবা চালু করতে পারব। চালু করতে না পারলে এই কমিটির সভাপতি হিসেবে এক সেকেন্ড থাকারও ইচ্ছে আমার নেই। বাইপাস সড়ক ও রেলের ভালো বগির জন্য আমি সংশ্লিষ্ট মন্ত্রীদের অনুরোধ করেছি, সেগুলোও বাস্তবায়িত হবে। সরকারি হাসপাতালে বিত্তবান থেকে দিনমজুর সবাই যেন সমান সুযোগ-সুবিধা পায়, সে জন্য তিনি সিভিল সার্জনসহ চিকিৎসকদের নির্দেশ দেন।

একই সভায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেন, ‘যেদিন আলাদা মত থাকবে না, কিংবা আলাদা মতের কণ্ঠরোধ করা হবে, ওই দিন ক্ষমতাসীন যে কোনো দল বলি, সরকার বলি, আর লাইনে থাকবে না।’
সারজিস আলম বলেন, আমাদের আলাদা মত থাকবে এবং থাকতে হবে। ক্ষমতাসীনদের এটাকে সাধুবাদ জানানো উচিত। কারণ দেখবেন আপনাদের মধ্যে এমন কিছু মানুষ তৈরি হচ্ছে, যাদের কাজ দেখে আপনাদেরই মনে হবে ঠিক করছে না।
তিনি বলেন, এখন যেভাবে রোগ ছড়াচ্ছে তা উদ্বেগের। পঞ্চগড়ে ১০০ জনকে পরীক্ষা করলে অন্তত ১০ জনের ক্যানসার ধরা পড়বে। ডায়াবেটিসের মতো ক্যানসারও ছড়াচ্ছে। এর জন্য আমাদের পঞ্চগড়ের কিছু সংস্কার দরকার। পঞ্চগড়ের মহাসড়কটি ধুলোবালি ও দুর্ঘটনায় মরণঘাতী হয়ে উঠেছে। প্রত্যেক সপ্তাহে এই সড়কে মানুষকে জীবন দিতে হয়। আমাদের এই করতোয়া সেতুটি ভেঙে গেলে পঞ্চগড় ছিটমহল হয়ে যাবে।
এ সময় তিনি পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে দেড়শ শয্যার নতুন ভবন চালু করা এবং চিকিৎসক ও যন্ত্রাংশ সংকটের সমাধান করার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে জেলা প্রশাসক শুকরিয়া পারভীন, পুলিশ সুপার আবু সাইম, সিভিল সার্জন ডা. মিজানুর রহমানসহ বিএনপি নেতারা উপস্থিত ছিলেন।
- বিষয় :
- পঞ্চগড়
- প্রতিমন্ত্রী
- সারজিস আলম