ঢাকা শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬

অব্যবহৃত পড়ে আছে পাঁচ ভবন পরিদর্শনকালে প্রতিমন্ত্রীর ক্ষোভ

অব্যবহৃত পড়ে আছে পাঁচ ভবন পরিদর্শনকালে প্রতিমন্ত্রীর ক্ষোভ
×

সাভারে বাংলাদেশ হেলথ ম্যানেজমেন্ট ইনস্টিটিউটের নতুন ভবন চার বছর ধরে তালাবদ্ধ সমকাল

 নিজস্ব প্রতিবেদক, সাভার

প্রকাশ: ১৬ আগস্ট ২০২৬ | ০৮:৩৩

| প্রিন্ট সংস্করণ

উপজেলা পর্যায়ে স্বাস্থ্যসেবার মান বাড়াতে স্বাস্থ্য ব্যবস্থাপনার সঙ্গে যুক্ত চিকিৎসকদের বিশেষ প্রশিক্ষণের আওতায় আনার উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত। একই সঙ্গে সাভারে নির্মিত বাংলাদেশ হেলথ ম্যানেজমেন্ট ইনস্টিটিউটের নবনির্মিত ভবনগুলো চার বছর ধরে অব্যবহৃত অবস্থায় পড়ে থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন তিনি। দ্রুত প্রতিষ্ঠানটির কার্যক্রম চালুর উদ্যোগ নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রতিমন্ত্রী।

শনিবার সাভারে বাংলাদেশ হেলথ ম্যানেজমেন্ট ইনস্টিটিউট ও স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের নতুন ভবন পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন ড. এম এ মুহিত। পরে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন। 

পরিদর্শনকালে ইনস্টিটিউটের অব্যবহৃত ভবন দেখে অসন্তোষ প্রকাশ করে প্রতিমন্ত্রী বলেন, ২০২২ সালে জনগণের অর্থে দৃষ্টিনন্দন ভবনগুলো নির্মাণ করা হলেও চার বছর পেরিয়ে গেছে। এখনও সেগুলো কোনো কাজে লাগানো হচ্ছে না। সরেজমিন পরিদর্শনে তিনি দুর্নীতি, অব্যবস্থাপনা ও অবহেলার ছাপ দেখতে পেয়েছেন বলেও মন্তব্য করেন। এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।
ড. এম এ মুহিত বলেন, শুধু অবকাঠামো নির্মাণ করলেই স্বাস্থ্যসেবার উন্নয়ন হবে না। সঠিক ব্যবস্থাপনা, জবাবদিহি ও সুশাসন নিশ্চিত করতে হবে। এ লক্ষ্যেই তৃণমূল থেকে জেলা পর্যায় পর্যন্ত স্বাস্থ্য প্রশাসনের সঙ্গে যুক্ত চিকিৎসকদের ধাপে ধাপে আধুনিক ‘হেলথ ম্যানেজমেন্ট’ প্রশিক্ষণের আওতায় আনার পরিকল্পনা রয়েছে। তিনি বলেন, এই প্রতিষ্ঠান শুধু স্থানীয় পর্যায়ের প্রশিক্ষণকেন্দ্র নয়। ৬৪ জেলার সিভিল সার্জন, বিভাগীয় স্বাস্থ্য কর্মকর্তা এবং উপজেলা  স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকসহ স্বাস্থ্য ব্যবস্থাপনার সঙ্গে যুক্ত কর্মকর্তাদের প্রশিক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, সরকার দেশের স্বাস্থ্য ব্যবস্থাকে নতুনভাবে ঢেলে সাজাতে চায়। শুধু রাজনৈতিক বক্তব্য কিংবা কথার ফুলঝুরি নয়, বাস্তবসম্মত পরিকল্পনা ও কার্যকর উদ্যোগের মাধ্যমে স্বাস্থ্য খাতের দীর্ঘদিনের সমস্যা সমাধানে কাজ করা হচ্ছে। এসময় উপস্থিত ছিলেন ঢাকা-১৯ আসনের এমপি ডা. দেওয়ান মো. সালাউদ্দিন বাবু, সাভার উপজেলা স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা ডা. ফজলে বারী, উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলামসহ স্থানীয় নেতাকর্মী।

আরও পড়ুন

×