কাপ্তাইয়ে দুই পক্ষের সংঘর্ষে রক্ত ঝরল ১৩ শিক্ষার্থীর
কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি
প্রকাশ: ১৬ আগস্ট ২০২৬ | ০৮:৩৬ | আপডেট: ১৬ আগস্ট ২০২৬ | ০৯:০৩
| প্রিন্ট সংস্করণ
রাঙামাটির কাপ্তাইয়ে অবস্থিত বাংলাদেশ-সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউটে (বিএসপিআই) দুই পক্ষের সংঘর্ষ হয়েছে। এতে ১৩ জন আহত হয়েছেন। গত শুক্রবার রাত পৌনে ১১টার দিকে ক্যাম্পাসের ইনস্টিটিউট চত্বরে এ সংঘর্ষ হয়। আহত শিক্ষার্থীদের মধ্যে গুরুতর অবস্থায় দুজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
বিএসপিআইতে বর্তমানে চারটি ব্যাচের (৫৭-৬০) শিক্ষার্থীরা অধ্যয়নরত। তাদের মধ্যে আঞ্চলিকতা, আধিপত্য বিস্তারসহ কিছু কারণে দীর্ঘদিনের বিরোধ রয়েছে। এর জেরেই সংঘর্ষ হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
ক্যাম্পাসের কয়েকটি সূত্র জানায়, শিক্ষার্থীদের মধ্যে কক্সবাজার জেলার বাসিন্দাদের নিয়ে কক্সবাজার ফোরাম নামে সংগঠন রয়েছে। সেই ফোরামের পক্ষ থেকে গত বৃহস্পতিবার একটি প্রীতি কর্মসূচির আয়োজন করা হয়। এ নিয়ে অটোমোবাইল বিভাগের দ্বিতীয় সেমিস্টারের ছাত্র ও চট্টগ্রামের বাসিন্দা মো. জাহিদ সামাজিক মাধ্যমে একটি পোস্ট দেন। এটি নিয়ে বিতর্ক দেখা দিলে কক্সবাজারের শিক্ষার্থীরা বিষয়টি শিক্ষক মো. ইকবাল হোসেন সাঈদকে জানান। তিনি জাহিদকে ডেকে পোস্টের বিষয়ে জিজ্ঞাসাবাদ করেন। এতে অন্য শিক্ষার্থীরা ক্ষিপ্ত হয়ে প্রতিবাদ জানান।
এ ঘটনার জেরে রাত পৌনে ১১টার দিকে দুই পক্ষের মধ্যে তর্কাতর্কি হয়। পরে তারা ক্যাম্পাসের ইনস্টিটিউট চত্বরে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে আহত শিক্ষার্থীদের মধ্যে ওটিজি-সিটিজি ফোরামের শিক্ষার্থী তারেক, মুনতাকিম, মেহেরাব হোসেন, আদিত্য, জাহিদ, হাসান এবং কক্সবাজার ফোরামের তৌসিফ, আবিদ ও ইমরানের নাম জানা গেছে। দুজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের চমেক হাসপাতালে পাঠানো হয়েছে।
ঘটনাটি তদন্তে অটোমোবাইল বিভাগের প্রধান প্রকৌশলী রহমত উল্লাহকে আহ্বায়ক করে সাত সদস্যের কমিটি করা হয়েছে। তারা প্রতিবেদন দেওয়ার পর আলোচনা করে ব্যবস্থা নেওয়া হবে।
- বিষয় :
- সংঘর্ষ