ঢাকা শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬

মোংলা নদীতে হবে ১০ম বাংলাদেশ-চীন মৈত্রী সেতু: সড়কমন্ত্রী  

মোংলা নদীতে হবে ১০ম বাংলাদেশ-চীন মৈত্রী সেতু: সড়কমন্ত্রী  
×

মোংলার স্থায়ী বন্দর বাসস্ট্যান্ডে পৌর বিএনপি আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দেন সড়কমন্ত্রী। ছবি-সমকাল

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি

প্রকাশ: ১৬ আগস্ট ২০২৬ | ২২:৪০

বাগেরহাটের মোংলা নদীতে দেশের ১০ম বাংলাদেশ-চীন মৈত্রী সেতু নির্মাণের পরিকল্পনা রয়েছে সরকারের। এই প্রকল্প দ্রুততম সময়ে বাস্তবায়নে কাজ চলছে বলে জানিয়েছেন নৌপরিবহন, সড়ক ও সেতু এবং রেলমন্ত্রী শেখ রবিউল আলম। তিনি বলেন, মোংলাকে শিল্প ও বাণিজ্যের গুরুত্বপূর্ণ কেন্দ্রে পরিণত করতে একাধিক বড় প্রকল্প হাতে নেওয়া হয়েছে। বিশেষ অর্থনৈতিক জোন, এলএনজি স্টেশন, গ্যাসভিত্তিক বিদ্যুৎকেন্দ্র, নতুন জেটি ও কোল্ড স্টোরেজ নির্মাণের মাধ্যমে মোংলাকে একটি শিল্প হাবে রূপ দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার।

রোববার মোংলার স্থায়ী বন্দর বাসস্ট্যান্ডে পৌর বিএনপি আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মোংলায় নৌপরিবহন মন্ত্রীর আগমন উপলক্ষে পৌর বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র মো. জুলফিকার আলী এ সংবর্ধনার আয়োজন করেন।

শেখ রবিউল আলম বলেন, ‘প্রধানমন্ত্রী জনগণের কাছে অঙ্গীকারাবদ্ধ। এ দেশের উন্নয়ন আমরা নিশ্চিত করতে চাই। রাষ্ট্র ব্যবস্থাপনার আমূল পরিবর্তন করতে চাই, জনগণের কাছে দায়বদ্ধ থাকতে চাই এবং জনআকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে চাই। এটাই হচ্ছে বিএনপির রাজনীতি।’

মোংলা নদীতে প্রস্তাবিত ১০ম বাংলাদেশ-চীন মৈত্রী সেতু প্রসঙ্গে মন্ত্রী বলেন, সেতুটি দ্রুত সময়ের মধ্যে বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে। এর মাধ্যমে মোংলার সঙ্গে আশপাশের এলাকার যোগাযোগ ব্যবস্থা আরও সহজ হবে এবং বন্দরকেন্দ্রিক অর্থনৈতিক কর্মকাণ্ড সম্প্রসারণের সুযোগ তৈরি হবে।

মোংলার বিশেষ অর্থনৈতিক জোন নিয়ে সরকারের পরিকল্পনার কথা তুলে ধরেন মন্ত্রী। তিনি বলেন, অক্টোবর মাসে বিশেষ অর্থনৈতিক জোনের কাজ শুরু হবে। এ প্রকল্প বাস্তবায়িত হলে ৬০ হাজার মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। শিল্পপ্রতিষ্ঠান গড়ে ওঠার পাশাপাশি স্থানীয় অর্থনীতি ও ব্যবসা-বাণিজ্যে এর বড় ধরনের প্রভাব পড়বে।

সংবর্ধনা অনুষ্ঠানে বাগেরহাট জেলা বিএনপির সাবেক সভাপতি এম এ সালাম, মোংলা উপজেলা বিএনপির সভাপতি আবদুল মান্নান হাওলাদার, রামপাল উপজেলা বিএনপির সভাপতি হাফিজুর রহমান তুহিন, মোল্লাহাট উপজেলা বিএনপির সভাপতি শেখ হাফিজুর রহমান এবং ফকিরহাট উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শরিফুল কামাল করিম, মোংলা পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মানিক প্রমুখ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

×