ঢাকা শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬

এ-চালানে সরকারি কোষাগারে ভূমি নিবন্ধনের টাকা

এ-চালানে সরকারি কোষাগারে ভূমি নিবন্ধনের টাকা
×

মানিকগঞ্জ প্রতিনিধি  

প্রকাশ: ১৯ আগস্ট ২০২৬ | ০৮:১৭

| প্রিন্ট সংস্করণ

দেশে এতদিন জমির দলিল নিবন্ধনের পর রাজস্বের টাকা জমা হতো ব্যাংকের পে-অর্ডারের মাধ্যমে। এরপর সেই টাকা সরকারি কোষাগারে পৌঁছাতে কেটে যেত দিনের পর দিন। এবার সেই দীর্ঘসূত্রতার অবসান ঘটল। 

গতকাল মঙ্গলবার থেকে এ-চালানের মাধ্যমে ভূমি নিবন্ধন ফি ও কর সরাসরি রিয়েল টাইমে সরকারি কোষাগারে জমা দেওয়ার কার্যক্রম শুরু হয়েছে। দেশের ভূমি নিবন্ধন ব্যবস্থাপনায় এই নতুন অধ্যায়ের পাইলটিং কার্যক্রম শুরু হলো মানিকগঞ্জ সদর সাব-রেজিস্ট্রার অফিসে।

গতকাল দুপুরে মানিকগঞ্জ সদর সাব-রেজিস্ট্রার অফিসে শুরু হয় এ গুরুত্বপূর্ণ মাইলফলকের। এ-চালানের মাধ্যমে রাজস্ব জমার এই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন নিবন্ধন অধিদপ্তরের মহাপরিদর্শক, নিবন্ধন (আইজিআর) শামীমা আফরোজ। অনলাইন জুম প্ল্যাটফর্মে যুক্ত হয়ে তিনি উদ্বোধন ঘোষণা করেন।
সংশ্লিষ্টরা জানান, মানিকগঞ্জ সদর সাব-রেজিস্ট্রার অফিসে পাইলটিং কার্যক্রম সফলভাবে সম্পন্ন হওয়ার পর সারাদেশে একযোগে এ-চালান ব্যবস্থার মাধ্যমে ভূমি নিবন্ধন ফি ও কর জমা নেওয়া শুরু হবে। এর মাধ্যমে ভূমি নিবন্ধন খাতে দীর্ঘদিনের ম্যানুয়াল রাজস্ব জমা ব্যবস্থাপনা পেরিয়ে ডিজিটাল ও রিয়েল টাইম রাজস্ব ব্যবস্থাপনার নতুন অধ্যায় শুরু হতে যাচ্ছে।
উদ্বোধনী বক্তব্যে আইজিআর শামীমা আফরোজ বলেন, প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আজ একটি নতুন দিগন্তের সূচনা হলো। ভূমি নিবন্ধন ফি ও অন্যান্য কর এ-চালানের মাধ্যমে রিয়েল টাইমে সরকারি কোষাগারে জমার শুভ সূচনা হলো নিবন্ধন অধিদপ্তরের মানিকগঞ্জ জেলার সদর সাব-রেজিস্ট্রার অফিসের মাধ্যমে। 
তিনি আরও বলেন, ভূমি নিবন্ধনের বিশাল অংকের রাজস্ব এখন থেকে আর সরকারি কোষাগারের বাইরে থাকবে না। নাগরিকরা দ্রুত ও সহজে ভূমি নিবন্ধন করতে পারবেন।
সংশ্লিষ্ট সূত্রমতে, এতদিন ভূমি নিবন্ধন ফি ও বিভিন্ন কর সোনালী ব্যাংকের পে-অর্ডারের মাধ্যমে ম্যানুয়াল পদ্ধতিতে জমা দেওয়া হতো। এতে রাজস্বের অর্থ ব্যাংকে পড়ে থাকত এবং সরকারি কোষাগারে জমা হতে সময় লাগত। নতুন পদ্ধতিতে সেই অর্থ এ-চালানের মাধ্যমে সরাসরি সরকারি কোষাগারে জমা হবে। এতে রাজস্ব ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও গতি বাড়ার পাশাপাশি অর্থ জমার প্রক্রিয়া সহজ হবে বলে সংশ্লিষ্টরা জানান।

জেলা রেজিস্ট্রার মো. জাহিদ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে ভূমি নিবন্ধন অধিদপ্তরের প্রতিনিধি হিসেবে এআইজিআর (অর্থ) মহসীন আলম, ভূমি নিবন্ধন ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের উপপ্রকল্প পরিচালক মুনিরুল হাসান এবং সহকারী প্রকল্প পরিচালক মো. জুবায়ের হোসেন উপস্থিত ছিলেন। তারা দ্রুততম সময়ের মধ্যে ভূমি নিবন্ধন ব্যবস্থাপনা অটোমেশন করার আশ্বাস দেন।
সংশ্লিষ্টরা জানান, এ-চালান সিস্টেমের সঙ্গে ভূমি নিবন্ধন ব্যবস্থাপনা সিস্টেমের আন্তঃসংযোগ সম্পন্ন হলে নিবন্ধন ফি জমার প্রক্রিয়া আরও সহজ, নির্ভুল ও সাবলীল হবে। এতে নাগরিকদের হয়রানি কমার পাশাপাশি সরকারি রাজস্ব ব্যবস্থাপনাও আরও গতিশীল হবে।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে সোনালী ও রূপালী ব্যাংকের ইউজারদের উপস্থিতিতে দুটি দলিলের নিবন্ধন ফি এ-চালানের মাধ্যমে জমা দিয়ে রাজস্ব আদায়ের কার্যক্রম সফলভাবে সম্পন্ন করা হয়।

আরও পড়ুন

×