ইমাম-উলামা পরিষদের আপত্তি, কিশোরগঞ্জে কনসার্ট বন্ধ করল প্রশাসন
প্যান্ডেল অর্ধসমাপ্ত, ঢাকা থেকে আনা সাউন্ড সিস্টেমের সরঞ্জামও একটি পিকআপে করে ফেরত নিয়ে যাওয়া হচ্ছে। ছবি: সমকাল
কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ১৯ আগস্ট ২০২৬ | ১৪:১৯ | আপডেট: ১৯ আগস্ট ২০২৬ | ১৪:৫২
কিশোরগঞ্জ শহরের পুরাতন স্টেডিয়ামে আয়োজন করা কনসার্ট প্রশাসনের সিদ্ধান্তে বন্ধ হয়ে গেছে। বুধবার রাত ৯টায় কণ্ঠশিল্পী নোবেল ও জুনায়েদ এবং অ্যাশেজ ব্যান্ডের শিল্পীদের অংশগ্রহণে ওই কনসার্ট হওয়ার কথা ছিল।
সদর উপজেলা ইমাম-উলামা পরিষদের সভাপতি মাওলানা আহমাদুল্লাহ কনসার্টটিকে ‘শরিয়তবিরোধী গান-বাজনা’ আখ্যা দিয়ে তা বন্ধের দাবিতে সোমবার জেলা প্রশাসকের কাছে লিখিত আবেদন করেন। কনসার্ট বন্ধ না হলে ‘ঘোলাটে পরিস্থিতি’ সৃষ্টি হতে পারে বলেও আবেদনে উল্লেখ করা হয়।
_1787127353.jpg)
এদিকে কনসার্ট বাতিলের দাবিতে বুধবার বিকেলে শহরে বিক্ষোভ মিছিলের কর্মসূচি ঘোষণা করেছিল ইমাম-উলামা পরিষদ ও তৌহিদী জনতা।
প্রশাসন ও পুলিশ মঙ্গলবার রাতে সংশ্লিষ্ট ব্যক্তিদের নিয়ে বৈঠক করে কনসার্ট বন্ধের সিদ্ধান্ত নেয়।
অতিরিক্ত জেলা প্রশাসক ইশতিয়াক ইমন বলেন, ‘বিষয়টি আসলে এরকম নয়। আলিশান রেস্টুরেন্ট নামে যে হোটেলের উদ্যোগে কনসার্টের আয়োজন করা হয়েছিল, এটি কোনো নিবন্ধিত হোটেল নয়। যাদের কোনো নিবন্ধনই নেই, তাদের এ ধরনের কনসার্ট আয়োজনেরও সুযোগ নেই। ফলে তাদের মানা করে দেওয়া হয়েছে।’
বুধবার সকালে পুরাতন স্টেডিয়ামে গিয়ে দেখা যায়, কনসার্টের মঞ্চ ও প্যান্ডেল অর্ধসমাপ্ত অবস্থায় রয়েছে। ডেকোরেটরের কর্মীরা সেগুলো খুলে নেওয়ার কাজ করছিলেন। ঢাকা থেকে আনা সাউন্ড সিস্টেমের সরঞ্জামও একটি পিকআপে করে ফেরত নিয়ে যাওয়া হয়।
আয়োজকদের ভাষ্য, পৌরসভা কার্যালয় এলাকার আলিশান রেস্টুরেন্ট তাদের ভোক্তাদের খাবারের পর একটি করে কুপন দিয়েছিল। সেই কুপনের র্যাফেল ড্র উপলক্ষে কনসার্টটির আয়োজন করা হয়েছিল।