চট্টগ্রামের সিভিল সার্জনকে ওএসডি করে বদলি
জাহাঙ্গীর আলম চৌধুরী
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: ২১ আগস্ট ২০২৬ | ০৮:৫৮
| প্রিন্ট সংস্করণ
চট্টগ্রাম জেলা সিভিল সার্জন জাহাঙ্গীর আলম চৌধুরীকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করে ঢাকার মহাখালী স্বাস্থ্য অধিদপ্তরে বদলি করা হয়েছে। তাঁর জায়গায় গতকাল বৃহস্পতিবার সিভিল সার্জন (চলতি দায়িত্ব) হিসেবে নিয়োগ পেয়েছেন কুমিল্লার বরুড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ সাজেদুর রহমান। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের পার-২ শাখার যুগ্ম সচিব সাইফুল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
বুধবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে জাহাঙ্গীর আলমকে বদলি করা হয়। গতকাল সকালে এসব তথ্য নিশ্চিত করেন চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালক সেখ ফজলে রাব্বি।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ২০২৪ সালের ছাত্র-জনতার অভ্যুত্থানের পর সেপ্টেম্বর মাসে জাহাঙ্গীর আলম চট্টগ্রামের সিভিল সার্জনের দায়িত্বে আসেন। এই সময়ের মধ্যে সিভিল সার্জন কার্যালয়ের অধীনে স্বাস্থ্য সহকারীসহ ১৭১টি পদে নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগ উঠেছিল। যদিও এসব অস্বীকার করেছিলেন জাহাঙ্গীর আলম।
চট্টগ্রামে বিভাগীয় স্বাস্থ্য পরিচালক সেখ ফজলে রাব্বি বলেন, ‘চট্টগ্রামের সিভিল সার্জনকে বদলি করে কুমিল্লার বরুড়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। সরকারি চাকরিতে বদলি একটি চলমান প্রক্রিয়া। নিয়োগে অনিয়মের অভিযোগ আমি শুনিনি।’
- বিষয় :
- ওএসডি