পুলিশের উপর হামলার মামলায় যুবক গ্রেপ্তার
গ্রেপ্তার আব্দুল মতিন
শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি
প্রকাশ: ২১ আগস্ট ২০২৬ | ০৯:৪৮
সাতক্ষীরার শ্যামনগরে পুলিশের উপর হামলার মামলায় আব্দুল মতিন (৫০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যায় শ্যামনগর পৌরসদরের বাসস্ট্যান্ড থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মতিন শ্যামনগর পৌরসভার ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি ও একই এলাকার মৃত আব্দুল হামিদের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, গত ২৫ মার্চ শ্যামনগর ফিলিং স্টেশনে নিরাপত্তার দায়িত্ব পালন করছিলেন শ্যামনগর থানার এএসআই রাসেল হোসেন। এসময় জ্বালানী তেল নেওয়াকে কেন্দ্র করে কথা কাটাকাটির জেরে মতিন রাসেল হোসেনের উপর হামলা করে। ইউনিফর্ম পরিহিত থাকা সত্ত্বেও তার শার্টের কলার চেপে ধরে টেনেহিঁচড়ে মাটিতে ফেলে মারধর করে।
এ ঘটনায় গত ২৬ মার্চ এএসআই রাসেল হোসেন বাদি হয়ে আব্দুল মতিনকে একমাত্র আসামী করে শ্যামনগর থানায় মামলা দায়ের করে। ওই মামলায় আব্দুল মতিনকে অভিযুক্ত করে চার্জশীট দিয়েছে পুলিশ।
শ্যামনগর থানার অফিসার ইনচার্জ সাফিউল ইসলাম পাটোয়ারী বলেন, জামিন না নেয়ায় আদালত আব্দুল মতিনের বিরুদ্ধে ওয়ারেন্ট জারি করে। পুলিশের উপর হামলার মামলায় ওয়ারেন্টভুক্ত আসামী হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়েছে। আজ শুক্রবার আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হবে।