জামালপুরে পূর্ণ মন্ত্রী পাওয়ায় আনন্দ মিছিল, মিষ্টি বিতরণ
রশিদুজ্জামান মিল্লাত
দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
প্রকাশ: ২২ আগস্ট ২০২৬ | ০৮:৩৯
| প্রিন্ট সংস্করণ
বিএনপির কেন্দ্রীয় কমিটির কোষাধ্যক্ষ এম রশিদুজ্জামান মিল্লাত বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রীর দায়িত্ব পাওয়ায় জামালপুরে তাঁর নির্বাচনী এলাকার মানুষের মধ্যে উচ্ছ্বাস দেখা দিয়েছে। গতকাল শুক্রবার রাতে এই খবর ছড়িয়ে পড়ায় দেওয়ানগঞ্জ ও বকশীগঞ্জ উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা পৃথক আনন্দ মিছিল করেন। মিছিল দুটি দেওয়ানগঞ্জ ও বকশীগঞ্জ পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে দুই উপজেলায় নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে মিষ্টি বিতরণ করেন তারা।
দেওয়ানগঞ্জ শহরে মিছিলে অংশ নেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রশিদ সাদা, সিনিয়র সহসভাপতি বাবু শ্যামল চন্দ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আতিকুর রহমান সাজু, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাসুদ হাবীব পলিন, উপজেলা যুব দলের আহ্বায়ক মঞ্জু হোসেন, যুগ্ম আহ্বায়ক আল মামুন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জয়নাল আবেদীন, কৃষক দলের সভাপতি রেজাউল করিম বাবলু প্রমুখ।
জানা গেছে, এম রশিদুজ্জামান মিল্লাত ২০০১ সালে অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবার বিজয়ী হন। আওয়ামী লীগ সরকারের আমলেও তিনি বিএনপির ব্যানার নিয়ে মাঠের রাজনীতিতে সক্রিয় ছিলেন। গত ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুরের-১ (দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ) আসনে ধানের শীষ প্রতীকে ৭৬ হাজার ভোটের ব্যবধানে জামায়াত প্রার্থীকে পরাজিত করেন তিনি। এরপর বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পান। গতকাল শুক্রবার একই মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রীর দায়িত্ব পাওয়ায় তাঁর নির্বাচনী এলাকায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করা হয়।
পাথরেরচরের আব্দুল জব্বার বলেন, ‘মিল্লাত ভাই ভালো মানুষ। তাঁকে পূর্ণ মন্ত্রীর দায়িত্ব দেওয়ায় আমরা দেওয়ানগঞ্জবাসী আনন্দিত।’
পোল্যাকান্দি গ্রামের বাসিন্দা রেজুয়ান জানান, এম রশিদুজ্জামান মিল্লাত পূর্ণ মন্ত্রী হওয়ায় আনন্দিত তারা। তিনি অবহেলিত দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জের উন্নয়ন ঘটাবেন বলে প্রত্যাশা তাদের।
উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাসুদ হাবীব পলিন বলেন, ‘এম রশিদুজ্জামান মিল্লাত দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ উপজেলার উন্নয়নের রূপকার। এর আগে তিনি বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ছিলেন। তাঁকে ওই মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রী করায় আমরা দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জবাসী আনন্দিত।’
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রশিদ সাদা জানান, এম রশিদুজ্জামান মিল্লাত জননেতা। তিনি এলাকার উন্নয়নে নিবেদিত। তাঁকে পূর্ণ মন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে। এই অর্জন শুধু দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জবাসীর নয়, এ অর্জন জামালপুরবাসীর।
- বিষয় :
- মন্ত্রী