ঢাকা রোববার, ০১ নভেম্বর ২০২৬

কক্সবাজার এক্সপ্রেসে পাথর নিক্ষেপ, যাত্রী আহত

কক্সবাজার এক্সপ্রেসে পাথর নিক্ষেপ, যাত্রী আহত
×
×

পাথর নিক্ষেপের ঘটনায় আহত এক যাত্রীকে চিকিৎসা দেওয়া হচ্ছে। ছবি: সমকাল

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ২২ আগস্ট ২০২৬ | ১৯:৩৩ | আপডেট: ২২ আগস্ট ২০২৬ | ১৯:৪৫

কক্সবাজার থেকে ঢাকাগামী কক্সবাজার এক্সপ্রেস ট্রেনে বাইরে থেকে পাথর নিক্ষেপের ঘটনায় এক যাত্রী আহত হয়েছেন। চলন্ত ট্রেনে ছোড়া পাথরের আঘাতে ওই যাত্রীর মাথা ফেটে যায়। পরে তাকে চিকিৎসার জন্য ট্রেন থেকে নামিয়ে দেওয়া হয়।

আজ শনিবার দুপুরে কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়ার পর চট্টগ্রামের বোয়ালখালী এলাকার কাছাকাছি এ ঘটনা ঘটে বলে ট্রেনে থাকা এক যাত্রী জানিয়েছেন।

ট্রেনে থাকা ঢাকার এক যাত্রী নাম প্রকাশ না করার শর্তে সমকালে বলেন, ‘ট্রেনটি দুপুর দেড়টার দিকে কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যায়। চলন্ত অবস্থায় হঠাৎ বাইরে থেকে ট্রেন লক্ষ্য করে পাথর ছোড়া হয়। এতে ‘ক’ নম্বর বগির জানালার পাশে থাকা এক যাত্রীর মাথায় পাথরের আঘাত লাগে। এতে তার মাথা ফেটে রক্তাক্ত হয়।’

তিনি আরও বলেন, ‘ঘটনার পর ট্রেনের ভেতরে মাইকে ঘোষণা দেওয়া হয়। ঘোষণায় বলা হয়, পাথর নিক্ষেপের কারণে একজন যাত্রীর মাথা ফেটে আহত হয়েছেন। ট্রেনে কোনো চিকিৎসক থাকলে তাকে সহযোগিতা করার জন্য অনুরোধ করা হয়। পরে আহত যাত্রীকে চিকিৎসার জন্য বোয়ালখালী এলাকায় নামিয়ে দেওয়া হয়।’

আহত যাত্রীর মাথায় প্রাথমিক চিকিৎসা দেওয়ার একটি ছবিও পাওয়া গেছে। ছবিতে তার মাথার পাশে রক্তের দাগ এবং আহত স্থানে তুলা দিয়ে চিকিৎসা দেওয়ার চিত্র দেখা যায়।

স্টেশন কর্তৃপক্ষের কাছে তথ্য নেই

ঘটনার বিষয়ে স্থানীয় রেলওয়ে স্টেশনের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করা হলে তারা এ বিষয়ে কোনো তথ্য পাওয়ার কথা জানাননি।

পটিয়া রেলওয়ে স্টেশনের স্টেশনমাস্টার আবদুস সালাম বলেন, ‘আজ এ ধরনের কোনো ঘটনার খবর আমার জানা নেই। তবে বিষয়টির খোজ-খবর নিয়ে পরে জানানো হবে।’

বোয়ালখালীর গোমদণ্ডী রেলওয়ে স্টেশনের স্টেশনমাস্টার কাঞ্চন ভট্টাচার্যও বলেন, তার কাছেও এ ধরনের ঘটনার কোনো তথ্য আসেনি।

চন্দনাইশের দোহাজারী রেলওয়ে স্টেশনের স্টেশনমাস্টার নেছার উল্লাহ বলেন, ‘আমাদের এদিকে এ ধরনের ঘটনা তুলনামূলকভাবে কম ঘটে। মূলত লোহাগাড়া, চকরিয়া ও হারবাং এলাকায় চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপের ঘটনা বেশি ঘটে।’

বড় দুর্ঘটনার আশঙ্কা

চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ অত্যন্ত বিপজ্জনক বলে জানিয়েছেন যাত্রীরা। ট্রেনের জানালার কাচ ভেদ করে পাথর ভেতরে ঢুকলে যাত্রীদের মাথা, চোখসহ শরীরের বিভিন্ন অংশে গুরুতর আঘাত লাগতে পারে। এমনকি চালক বা ট্রেনের গুরুত্বপূর্ণ কর্মীরা আহত হলে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কাও রয়েছে।

যাত্রীদের নিরাপত্তার জন্য রেলপথের ঝুঁকিপূর্ণ এলাকাগুলো চিহ্নিত করে নজরদারি বাড়ানো, স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তায় পাথর নিক্ষেপকারীদের শনাক্ত করা এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন যাত্রীরা।

আরও পড়ুন

×