চাঁদা না পেয়ে চিকিৎসকের ওপর হামলা, ছাত্রদল নেতা বহিষ্কার
ছবি: সংগৃহীত
নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ
প্রকাশ: ২৩ আগস্ট ২০২৬ | ০২:১০
ময়মনসিংহ নগরের জিলা স্কুলের সামনে ‘ডক্টরস পেট কেয়ার’ নামে একটি পশু চিকিৎসাকেন্দ্রে চাঁদা না পেয়ে হামলা, চিকিৎসককে মারধর, ভাঙচুর ও টাকা লুটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় চিকিৎসক মো. আশিকুর রহমান শনিবার কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ করেছেন। অভিযোগের পর সিসিটিভি ফুটেজে হামলার দৃশ্য প্রকাশ্যে এলে মহানগর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক তালহাজুর রহমানকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।
অভিযোগ ও সিসিটিভি ফুটেজ সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার সন্ধ্যায় কয়েকজন ব্যক্তি চিকিৎসাকেন্দ্রে ঢুকে দীর্ঘদিন ধরে দাবি করা ৫ লাখ টাকা চাঁদা দিতে আশিকুর রহমানকে চাপ দেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে সিসিটিভি ক্যামেরার সংযোগ বিচ্ছিন্ন করে তাঁকে লোহার রড দিয়ে মারধর করা হয় বলে অভিযোগ করেন তিনি।
এ সময় চিকিৎসককে রক্ষা করতে এগিয়ে গেলে চেম্বারের কর্মী ঈশান আহমেদ, চিকিৎসকের স্ত্রী সাজনিন তাসনিন সিদ্দিকী ও কর্মীর স্ত্রী তাওহিয়া আক্তারকেও মারধর ও টানাহেঁচড়া করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ১ মিনিট ৪৮ সেকেন্ডের একটি ভিডিওতে দেখা যায়, আফরিন রশিদ সেঁজুতি নামে এক নারী চেম্বারে ঢুকে জুতা খুলে চিকিৎসককে মারধর করছেন। এ সময় পাশে দাঁড়িয়ে ছাত্রদল নেতা তালহাজুর রহমান মুঠোফোনে ঘটনাটি ধারণ করছেন। একপর্যায়ে তাঁকেও চিকিৎসকের ওপর চড়াও হয়ে কিল-ঘুষি মারতে দেখা যায়।
শনিবার দুপুরে কোতোয়ালি থানায় দেওয়া লিখিত অভিযোগে তালহাজুর রহমান, আফরিন রশিদ সেঁজুতি ও সাকিবসহ অজ্ঞাতনামা আরও চার-পাঁচজনকে অভিযুক্ত করা হয়েছে।
অভিযোগে আশিকুর রহমান দাবি করেন, হামলার সময় ক্যাশ বাক্স থেকে ৩ লাখ ২০ হাজার ১৫০ টাকা নিয়ে যাওয়া হয়েছে। এ ছাড়া প্রায় ১ লাখ ৮০ হাজার টাকার মালামাল ভাঙচুর করা হয়েছে।
চিকিৎসকের দাবি, চাঁদা দাবির পাশাপাশি ঘটনার পেছনে এক বছর আগে সেঁজুতি নামের ওই নারীর একটি বিড়ালের মৃত বাচ্চা প্রসবের ঘটনা এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যক্তিগত বিরোধও থাকতে পারে।
ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবদুল্লাহ আল মামুন বলেন, সিসিটিভি ফুটেজ ও লিখিত অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করেছে। ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এদিকে ঘটনা প্রকাশ্যে আসার পর মহানগর ছাত্রদলের সভাপতি গোবিন্দ রায় তালহাজুর রহমানকে বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, সংগঠনের শৃঙ্খলাভঙ্গের অভিযোগে তাঁকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
- বিষয় :
- ময়মনসিংহ
- ছাত্রদল নেতা
- বহিষ্কার