রাজগাতী ইউপি ভবন স্থানান্তরের প্রতিবাদে বিক্ষোভ
নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: ২৩ আগস্ট ২০২৬ | ০৮:১৬
| প্রিন্ট সংস্করণ
নান্দাইল উপজেলার পাছদরিল্লা গ্রামে ছিল রাজগাতী ইউনিয়ন পরিষদ ভবন। এখন জনস্বার্থ উপেক্ষা করে বনাটি গ্রামে নতুন পরিষদ কমপ্লেক্স নির্মাণে স্থাপনের চেষ্টা চলছে বলে অভিযোগ রয়েছে। এই খবরে ফুঁসে উঠেছে স্থানীয়রা। প্রতিবাদে গত শুক্রবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত মানববন্ধন ও বিক্ষোভ-সমাবেশ করা হয়েছে। পাছদরিল্লা গ্রামে পুরোনো ইউপি ভবন ও দরিল্লা উপস্বাস্থ্য কেন্দ্রের সামনে এসব কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে বক্তারা উল্লেখ করেন, পাছদরিল্লা গ্রামটি ইউনিয়নের মাঝামাঝি একটি গুরুত্বপূর্ণ স্থান। এখানে রয়েছে দরিল্লা উপস্বাস্থ্য কেন্দ্র, ইউনিয়ন কৃষি অফিস, পোস্ট অফিস, সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ একাধিক শিক্ষাপ্রতিষ্ঠান ও বাজার। ইউনিয়নবাসী এখানে একসঙ্গে সব ধরনের নাগরিক সেবা পেয়ে আসছেন। ১৯৬৬ সালে স্থাপিত পরিষদ ভবনটি পরিত্যক্ত ঘোষণা করা হলে ২০০৭ সালে সেখানে নতুন একটি পরিষদ ভবন নির্মাণের জন্য আরও ৩০ শতাংশ জমি অধিগ্রহণ করা হয়। ২০২৩ সালের ১২ মার্চ ‘স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের তৎকালীন সিনিয়র সহকারী সচিব জেসমিন প্রধান স্বাক্ষরিত চিঠির মাধ্যমে পাছদরিল্লা গ্রামে পুরোনো ইউপি ভবনের কাছাকাছি ওই জমিতে নতুন ভবন নির্মাণের অনুমোদন দেন। কিন্তু অজ্ঞাত কারণে তখন সেটির কার্যক্রম স্থগিত হয়ে যায়। এখন নতুন ভবন নির্মাণের অনুমোদন পেলেও একটি চক্র ইউনিয়নের সর্ব দক্ষিণ-পূর্ব কোণে কাশীনগর মৌজার বনাটি গ্রামে স্থাপনের পাঁয়তারা করছে।
সমাবেশে অবসরপ্রাপ্ত শিক্ষক হারিছ উদ্দিন ভূঞা ও সাবেক ইউপি সদস্য আলীম উদ্দিন জানান, দীর্ঘদিনের ঐতিহ্য ও বর্তমান প্রশাসনিক কাঠামো বিবেচনায় পাছদরিল্লা গ্রামেই নতুন ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স নির্মাণ যুক্তিযুক্ত।
লুৎফর রহমান বলেন, স্থানীয় মোমতাজ উদ্দিন ভূঁইয়া ৩২ বছর এবং চাঁন মিয়া পাঁচ বছর ইউপি চেয়ারম্যান থাকা অবস্থায় পাছদরিল্লা গ্রামের পুরোনো ভবনটি ব্যবহার করেছেন। পরে যারা চেয়ারম্যান হয়েছেন তারা প্রত্যেকেই নিজ নিজ বাড়িতে দাপ্তরিক কাজ করেছেন। কিন্তু নতুন ভবন হতে হলে পাছদরিল্লা গ্রামেই হতে হবে।
নান্দাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাতেমা জান্নাত সমকালকে জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ঘটনাস্থলে এসে সবকিছু যাচাই-বাছাই করে দেখে বনাটি গ্রামে নতুন ভবন নির্মাণের অনুমোদন দিয়েছেন। সেখানেই ইউপি ভবন নির্মিত হবে।
- বিষয় :
- বিক্ষোভ