পীরগঞ্জ নগর মাতৃসদন
গর্ভের সন্তানসহ প্রসূতির মৃত্যু, শাস্তির দাবি
পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি
প্রকাশ: ২৩ আগস্ট ২০২৬ | ০৮:২১ | আপডেট: ২৩ আগস্ট ২০২৬ | ০৮:৩৭
| প্রিন্ট সংস্করণ
রংপুরের পীরগঞ্জে আরবান প্রাইমারি হেলথ কেয়ার সার্ভিসেস ডেলিভারি প্রকল্পের আওতায় পরিচালিত নগর মাতৃসদন কেন্দ্রে এক প্রসূতি ও তাঁর গর্ভের সন্তানের মৃত্যুর ঘটনায় দোষীদের শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার দুপুরে পীরগঞ্জ প্রেস ক্লাব চত্বরে পীরগঞ্জ সচেতন নাগরিক সমাজের ব্যানারে এ মানববন্ধন হয়। এতে নিহত শ্রাবণী খাতুনের পরিবার, আত্মীয়-স্বজন, প্রতিবেশীসহ স্থানীয়রা উপস্থিত ছিলেন।
মানববন্ধনে বক্তব্য দেন, শ্রাবণী খাতুনের বাবা মতিয়ার রহমান, মা শিমা বেগম, প্রতিবেশী ঝুমা বেগম, আরিফুল ইসলাম আরাফ, পৌর বিএনপির সভাপতি সাইফুল আজাদ মন্ডল ও যুগ্ম আহ্বায়ক আব্দুল করিম সরকার। সংহতি প্রকাশ করে বক্তব্য দেন, পীরগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব ও সভাপতি মাজহারুল আলম মিলন প্রমুখ।
প্রসূতির মা শিমা বেগম মানববন্ধনে বলেন, বাড়ির কাছাকাছি হওয়ায় আমিসহ শ্রাবণী হেঁটে গত ১৮ আগস্ট (মঙ্গলবার) নগর মাতৃসদনে যাই। সেখানে চেক-আপ করার পর চিকিৎসক দ্রুত সিজার করার কথা বলেন এবং আমার স্বামীকে ওষুধ কেনার জন্য পাঠান। অপারেশন থিয়েটারে নেওয়ার পর প্রায় দুই ঘণ্টা আমাদের অপেক্ষা করানো হয়। এরপর আমাদের না জানিয়ে তাদের পরিচিত একটি অ্যাম্বুলেন্স ডেকে শ্রাবণীকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
শ্রাবণীর বাবা মতিয়ার রহমান বলেন, তাঁকে ওষুধ কেনার জন্য অন্যত্র পাঠানো হয়েছিল। ফিরে এসে তিনি দেখেন, তাঁর মেয়েকে অ্যাম্বুলেন্সে তোলা হচ্ছে এবং তাঁর মুখ কাপড় দিয়ে ঢাকা। কী ঘটেছে, সে বিষয়ে তাঁকে কিছু জানানো হয়নি। পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা বলেন, প্রসূতি আগেই মারা গেছেন। যে ক্লিনিকে মারা গেছেন সেখানে নিয়ে যান।
ওই ঘটনায় কতর্ব্যরত চিকিৎসক আহ্সানুল আবেদীন মামুন ও কর্মকর্তাদের বিরুদ্ধে চিকিৎসা অবহেলার অভিযোগ ওঠে।
পীরগঞ্জ পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদুল হাসান বলেন, কতর্বরত চিকিৎসক আমাকে জানান, রোগী (শ্রাবণী) এক্ল্যাম্পসিয়া রোগে আক্রান্ত হয়েছিলেন। প্রেসার বেশি হওয়ায় তাঁর খিঁচুনি ওঠে বলে জেনেছি। সিভিল সার্জন তদন্ত করলেই প্রকৃত কারণ বেরিয়ে আসবে।
- বিষয় :
- দাবি