নির্বাচন ছাড়াই হঠাৎ ৪১ সদস্যের কমিটি
সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: ২৩ আগস্ট ২০২৬ | ০৮:২৫
| প্রিন্ট সংস্করণ
তফসিল ঘোষণা, মনোনয়নপত্র বাছাই ও প্রতীক বরাদ্দের মতো সমস্ত আইনি প্রক্রিয়া সম্পন্ন করার পর বন্যার অজুহাতে নির্বাচন স্থগিত এবং পরে নতুন করে ভোটাভুটি না করেই ‘হঠাৎ’ ৪১ সদস্যের কমিটি গঠনের ষোষণায় ক্ষোভে ফুঁসছেন চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ক্রীড়ামোদী ও প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা। পূর্বের নির্বাচনী ধারা পুনর্বহাল করে ভোটের মাধ্যমে স্বচ্ছ নেতৃত্ব নির্বাচনের দাবিতে এবার জেলা প্রশাসকের স্মারকলিপি প্রদানসহ আইনি লড়াই ও আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তারা।
গত বৃহস্পতিবার জেলা প্রশাসকের কাছে লিখিত আবেদন জমা দেন সাতকানিয়ার বাসিন্দা এবং চট্টগ্রাম জেলা জজ আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) মুহাম্মদ এনামুল হক। আবেদনে উল্লেখ করেন, জেলা ক্রীড়া সংস্থার গঠনতন্ত্রের ১১.৬ অনুচ্ছেদ অনুযায়ী চলতি বছরের ২০ জুলাই উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক পদের তফসিল ঘোষণা হয়। ৯ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেওয়ার পর বাছাই ও প্রত্যাহার শেষে ৬ জন বৈধ প্রার্থীকে প্রতীক বরাদ্দ দিয়ে প্রচারণা শুরুর সুযোগ দেওয়া হয়েছিল।
তফসিল অনুযায়ী গত ২৩ জুলাই ভোটগ্রহণের কথা থাকলেও তৎকালীন বন্যা পরিস্থিতির কথা উল্লেখ করে নির্বাচন স্থগিত করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা খোন্দকার মাহমুদুল হক। এরপর প্রার্থীরা প্রয়োজনীয় কাগজপত্র ও প্রত্যয়ন জমা দিয়ে নতুন তারিখের জন্য অপেক্ষা করছিলেন। কিন্তু নির্বাচনের নতুন তারিখ না দিয়ে গত ১৮ আগস্ট ইউএনও স্বাক্ষরিত এক আদেশে গোপনে ৪১ সদস্যের পূর্ণাঙ্গ নির্বাহী কমিটি ঘোষণা করা হয়।
আইনজীবী এনামুল হক বলেন, হঠাৎ কাউকে না জানিয়ে পকেট কমিটি গঠন পুরো প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করেছে। অবিলম্বে এই কমিটি স্থগিত করে নিরপেক্ষ তদন্তের দাবি জানান।
ক্রীড়া পরিষদের সাবেক কর্মকর্তা ও উপজেলা পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইব্রাহিম চৌধুরী জানান, প্রার্থীর সঙ্গে কোনো আলোচনা না করে ইউএনওর এমন সিদ্ধান্ত বেআইনি ও স্বেচ্ছাচারিতা ছাড়া আর কিছু নয়।
বর্তমান কমিটির সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন হিরু জানান, ‘প্রাথমিক সদস্য পদ সংক্রান্ত জটিলতা থাকায় সাধারণ পরিষদ গঠন করা যায়নি। তবে পুরো বিষয়টি বিস্তারিতভাবে ইউএনও সাহেব ভালো বলতে পারবেন।’
ইউএনও খোন্দকার মাহমুদুল হাসান বলেন, নিয়ম অনুযায়ী সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করতে হলে প্রার্থীকে সংস্থার প্রাথমিক সাধারণ সদস্য হতে হয়। প্রাক-শর্ত হিসেবে প্রত্যয়নপত্র জমা দিতে বলা হয়েছিল, কিন্তু প্রার্থীরা নির্দিষ্ট সময়ে তা দেননি।
- বিষয় :
- কমিটি