ঢাকা বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

অস্ত্রের মুখে কার্ভাড ভ্যান থামিয়ে কোটি টাকার চুল ছিনতাই

অস্ত্রের মুখে কার্ভাড ভ্যান থামিয়ে কোটি টাকার চুল ছিনতাই
×

বস্তাভর্তি চুল

চুয়াডাঙ্গা সংবাদদাতা

প্রকাশ: ২৩ আগস্ট ২০২৬ | ১৬:৫৩

চুয়াডাঙ্গার দামুড়হুদায় কার্ভাড ভ্যানের গতিরোধ করে অস্ত্রের মুখে জিম্মি করে কোটি টাকা মূল্যের ২৩ বস্তা চুল ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। পরে পুলিশ চুয়াডাঙ্গা সার্কিট হাউস এলাকা থেকে ছিনতাই হওয়া চুলের বস্তাগুলো পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য কার্ভাড ভ্যানের চালক ও ম্যানেজারকে থানায় নেওয়া হয়েছে।

রোববার ভোরে চুয়াডাঙ্গা সার্কিট হাউস এলাকা থেকে চুলের বস্তাগুলো উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, শনিবার ঢাকার একটি বাজার থেকে ২৩ বস্তায় প্রায় ৪০০ কেজি চুল কেনেন কয়েকজন ব্যবসায়ী। পরে প্রক্রিয়াজাত করার জন্য কুরিয়ারযোগে চুলগুলো চুয়াডাঙ্গায় আনা হয়। এরপর সমিতির নিজস্ব কার্ভাড ভ্যানে করে চুলের বস্তাগুলো দামুড়হুদার কার্পাসডাঙ্গা এলাকার একটি প্রসেসিং কারখানায় নেওয়া হচ্ছিল।

দুপুরে কার্ভাড ভ্যানটি কোষাঘাটা এলাকায় পৌঁছালে ৭-৮ জন ব্যক্তি সেটির গতিরোধ করেন। একপর্যায়ে অস্ত্রের মুখে চালক ও সংশ্লিষ্টদের জিম্মি করে চুলের বস্তাগুলো নিয়ে পালিয়ে যান তারা।

ঘটনার খবর পেয়ে জেলা গোয়েন্দা পুলিশসহ একাধিক দল তদন্তে নামে। পরে রোববার ভোরে চুয়াডাঙ্গা সার্কিট হাউস এলাকা থেকে ২৩ বস্তা চুল পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়।

দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মেসবাহ উদ্দিন বলেন, ছিনতাইয়ের ঘটনায় কার্ভাড ভ্যানের চালক ও ম্যানেজারকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের একাধিক দল কাজ করছে।

আরও পড়ুন

×