শিপইয়ার্ডে দুর্ঘটনা: এক সপ্তাহ লাইফ সাপোর্টে রেখেও বাঁচানো যায়নি
প্রতীকী ছবি
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: ২৩ আগস্ট ২০২৬ | ১৮:১২ | আপডেট: ২৩ আগস্ট ২০২৬ | ১৯:৩৯
চট্টগ্রামের সীতাকুণ্ডে শিপব্রেকিং ইয়ার্ডে দুর্ঘটনার শিকার মো. আলাউদ্দিন (৫২) নামে এক শ্রমিক মারা গেছেন। আজ রোববার সকাল সাড়ে ৮টার দিকে চট্টগ্রাম নগরীর প্রবর্তক মোড়ের একটি বেসরকারি হাসপাতালে তাঁর মৃত্যু হয়। ওই হাসপাতালে সপ্তাহখানেক ধরে লাইফ সাপোর্টে ছিলেন তিনি। গত ১৬ আগস্ট সকাল ৮টার দিকে উপজেলার সোনাইছড়ী ইউনিয়নের শীতলপুর চৌধুরী ঘাটায় বারাকা গ্রিন শিপব্রেকিং ইয়ার্ডে দুর্ঘটনার শিকার হন তিনি।
আলাউদ্দিন কুমিরা ইউনিয়নের মগপুকুর এলাকার মো. নুরুল ইসলামের ছেলে। তাঁর ভাই কামাল উদ্দিন বলেন, জাহাজ কাটিংয়ের কাজ করার সময় আলাউদ্দিন নীচে পড়ে যান। এতে বুক, ঘাড়সহ শরীরের বিভিন্ন জায়গায় গুরুতর আঘাত পান। সহকর্মীরা তাঁকে উদ্ধার করে চট্টগ্রামে নিয়ে যান।
কামাল উদ্দিনের দেওয়া তথ্যমতে, আলাউদ্দিনের দুই ছেলে। তাদের মধ্যে রাকিবুল ইসলাম সপ্তম শ্রেণিতে ও আদিলুল ইসলাম রায়য়ান চতুর্থ শ্রেণির ছাত্র। পুলিশ ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে নিয়ে গেছে। হস্তান্তরের পর জানাজা শেষে বাড়িতেই দাফনের পরিকল্পনা রয়েছে তাদের।
সীতাকুণ্ড মডেল থানার ওসি মহিনুল ইসলাম বলেন, এক সপ্তাহ আগে পুরাতন জাহাজে কাজ করার সময় আলাউদ্দিন আহত হন। চিকিৎসাধীন অবস্থায় গতকাল ভোরে তিনি মারা যান।