ঢাকা বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

ছাগলনাইয়া সীমান্তে চোরাকারবারিদের লক্ষ্য করে গুলির অভিযোগ, আহত ১

ছাগলনাইয়া সীমান্তে চোরাকারবারিদের লক্ষ্য করে গুলির অভিযোগ, আহত ১
×

ছাগলনাইয়া (ফেনী) প্রতিনিধি

প্রকাশ: ২৪ আগস্ট ২০২৬ | ১০:০৫

ফেনীর ছাগলনাইয়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে বিপ্লব (২২) নামের এক যুবক আহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। শনিবার রাতে উপজেলার বন্ধ সীমান্ত হাটের দক্ষিণ পাশের জঙ্গলে এ ঘটনা ঘটে বলে স্থানীয় কয়েকজন বাসিন্দা ও প্রত্যক্ষদর্শী জানিয়েছেন।

বিপ্লব ছাগলনাইয়া পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের পূর্ব ছাগলনাইয়া (জঙ্গলমিয়া ব্রিজের গোড়া) এলাকার দিনমজুর ছালে আহাম্মদের ছেলে। 

স্থানীয় কয়েকজন বাসিন্দা বলেন, শনিবার সন্ধ্যার পর ৮ থেকে ১০ জনের একটি দল ভারত থেকে চোরাইপথে নিষিদ্ধ পণ্য আনতে সীমান্তের জঙ্গলে যায়। এ সময় বিএসএফ সদস্যরা বিষয়টি টের পেয়ে কাঁটাতারের ফাঁক দিয়ে গুলি ছোড়েন বলে তারা জানান। এতে বিপ্লবের মাথায় ছররা গুলি লাগে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক মো. শাখাওয়াত বলেন, বিপ্লবের মাথায় ছররা গুলির আঘাতের আলামত পাওয়া গেছে। তার মাথায় প্রায় ২৫টি ছররা গুলির আঘাত ছিল। রক্তক্ষরণ বন্ধ করে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। তার রক্তচাপ ও হৃদ্‌স্পন্দন স্বাভাবিক ছিল। পরে উন্নত চিকিৎসার পরামর্শ দিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়।

ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু তাহের বলেন, সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক আহত হওয়ার বিষয়ে কোনো অভিযোগ বা তথ্য পেয়েছেন কি না, তা খোঁজ নিয়ে জানাবেন।

আরও পড়ুন

×