নিখোঁজের চার দিন পর কলেজছাত্রের মরদেহ উদ্ধার
মো. শামিম
নাগরপুর (টাঙ্গাইল) সংবাদদাতা
প্রকাশ: ২৬ আগস্ট ২০২৬ | ০৮:৫৬
| প্রিন্ট সংস্করণ
টাঙ্গাইলের নাগরপুরে মো. শামিম (২৩) নামে এক কলেজছাত্রকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। নিখোঁজের চার দিন পর গতকাল মঙ্গলবার সকালে তাঁর মরদের উদ্ধার করে পুলিশ। ঘাতকের বাড়ির পাশে মাটিচাপা দেওয়া হয়েছিল। মুক্তিপণ না পেয়ে হত্যার অভিযোগ করেছে তাঁর পরিবার।
এ ঘটনায় পুলিশ ঘাতক অনিককে গ্রেপ্তার করেছে। তাঁর কাছ থেকে কলেজছাত্র শামিমের ফোন উদ্ধার করা হয়েছে। নিহত শামিম ভাদ্রা ইউনিয়নের পংভাদ্রা গ্রামের বিল্লাল মল্লিকের ছেলে। তিনি বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের (সাইক ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট অ্যান্ড টেকনোলজি) শেষ বর্ষের ছাত্র ছিলেন।
গত শুক্রবার বিকেলে নিখোঁজ হন শামিম। নিখোঁজের দুদিন পর ২৩ আগস্ট তাঁর বাবা বিল্লাল মল্লিক নাগরপুর থানায় একটি সাধারণ ডায়েরি করেন।
পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, গত শুক্রবার বিকেলে ভিকন ভাদ্রা গ্রামের আব্দুল জব্বারের ছেলে অনিক মোবাইল ফোনে শামিমকে ডেকে নিয়ে যান। এরপর থেকে শামিম নিখোঁজ ছিলেন।
থানায় জিডির পর শামিমের ফোনের কললিস্টের সূত্র ধরে গত সোমবার রাতে অনিককে তাঁর নিজ বাড়ি থেকে আটক করে পুলিশ। পরে জিজ্ঞাসাবাদে শামিমকে গলায় রশি পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করে মরদেহ বাড়ির পাশে মাটিচাপা দেওয়ার কথা জানান অনিক। গতকাল সকালে তাঁর দেওয়া তথ্যমতে ঘটনাস্থল থেকে শামিমের বস্তাবন্দি অর্ধগলিত মরদেহটি উদ্ধার করে পুলিশ।
নিহতের বাবা বিল্লাল মল্লিক কান্নাজড়িত কণ্ঠে বলেন, শামিমের মোবাইল থেকে অনিক আমার বাড়িতে ফোন করে দেড় লাখ টাকা ৩০ মিনিটের মধ্যে পাঠাতে বলে ফোন বন্ধ করে দেয়। নাগরপুর থানার ওসি জহুরুল ইসলাম জানান, এ ব্যাপারে নিহতের বাবা মামলা করেছেন। গ্রেপ্তার অনিক মাদকাসক্ত ও মাদক ব্যবসায়ী। জিজ্ঞাসাবাদে তাঁর কাছ থেকে বেশকিছু তথ্য পেয়েছে পুলিশ।
- বিষয় :
- নিখোঁজ