ঢাকা বুধবার, ২৬ আগস্ট ২০২৬

দিনাজপুরে অবৈধভাবে মজুদ ২১৭ বস্তা সার জব্দ, ব্যবসায়ীর কারাদণ্ড

দিনাজপুরে অবৈধভাবে মজুদ ২১৭ বস্তা সার জব্দ, ব্যবসায়ীর কারাদণ্ড
×

ছবি: সংগৃহীত

দিনাজপুর প্রতিনিধি

প্রকাশ: ২৬ আগস্ট ২০২৬ | ১৭:০৫

দিনাজপুর সদর উপজেলার পুলহাট এলাকায় একটি হাসকিং মিলের গোডাউন থেকে অবৈধভাবে মজুদ করে রাখা ২১৭ বস্তা সার জব্দ করেছে প্রশাসন। এ ঘটনায় মনোহর আলম নামের এক ব্যক্তিকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার দুপুরে পুলহাট এলাকায় অভিযান চালিয়ে ওই সার জব্দ করা হয়।

অভিযান সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, গোডাউনে মজুদ করে রাখা সার একটি ট্রাক্টরে করে বাইরে পাচারের প্রস্তুতি চলছিল। এ সময় অভিযান চালিয়ে ২১৭ বস্তা সার জব্দ করা হয়। পরে জব্দ করা সার উপসহকারী কৃষি কর্মকর্তার জিম্মায় দেওয়া হয়।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন বলেন, দীর্ঘদিন ধরে অবৈধভাবে সার মজুদ করে রাখার অভিযোগের ভিত্তিতে ওই অভিযান পরিচালনা করা হয়। কৃষকদের জন্য বরাদ্দ করা সার অবৈধভাবে মজুদ ও পাচারের মাধ্যমে বাজারে কৃত্রিম সংকট তৈরি করে অতিরিক্ত মুনাফা করার চেষ্টা করা হচ্ছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

অভিযানে আটক মনোহর আলমকে সার ব্যবস্থাপনা আইন, ২০০৬ অনুযায়ী এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৩০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। অর্থদণ্ড অনাদায়ে তাকে আরও ১৫ দিনের কারাদণ্ড ভোগ করতে হবে।

মনোহর আলম দিনাজপুর সদর উপজেলার রামসাগর এলাকায় খুচরা সারের ব্যবসা করেন বলে জানা গেছে।

আরও পড়ুন

×