ঢাকা বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬

রাঙামাটিতে ছড়ার পানির স্রোতে তলিয়ে দুই শিশুসহ ৩ জনের মৃত্যু

রাঙামাটিতে ছড়ার পানির স্রোতে তলিয়ে দুই শিশুসহ ৩ জনের মৃত্যু
×

রাঙামাটি অফিস

প্রকাশ: ২৭ আগস্ট ২০২৬ | ২১:০০

রাঙামাটিতে পৃথক ঘটনায় ছড়ার পানির স্রোতে তলিয়ে দুই শিশুসহ তিনজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে বাঘাইছড়ি উপজেলায় পাঁচ বছরের এক শিশু এবং সদর উপজেলার বন্দুকভাঙ্গা ইউনিয়নে মা ও তাঁর চার বছরের ছেলের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার বাঘাইছড়ি উপজেলার রূপকারী ইউনিয়নের গোলাছড়ি এলাকায় জোসনা ত্রিপুরা (৫) নামে এক শিশু ছড়ার পানিতে ভেসে মারা যায়। 

স্থানীয় সূত্রে জানা যায়, বাঘাইছড়ির রূপকারী ইউনিয়নের গোলাছড়ি গ্রামের দীপেন ত্রিপুরার মেয়ে জোসনা ত্রিপুরা বাড়ির পাশে ছড়ায় গোসল করতে যায়। এ সময় আকস্মিকভাবে ছড়ার পানির স্রোত বেড়ে গেলে সে তলিয়ে যায়। পরে স্থানীয়রা খোঁজাখুঁজি করে তার মরদেহ উদ্ধার করেন।

রূপকারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জেসমিন চাকমা বলেন, ছড়ার পানিতে গোসল করতে নেমে স্রোতে তলিয়ে শিশুটির মৃত্যু হয়েছে। 

বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমেনা মারজান বলেন, মৃত শিশুটির পরিবারকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে।

অন্যদিকে, রাঙামাটি সদর উপজেলার বন্দুকভাঙ্গা ইউনিয়নের ত্রিপুরাছড়া গ্রামে গত শনিবার বিকেলে জুমের কাজ শেষে বাসায় ফিরছিলেন বাসনা চাকমা ও তাঁর চার বছরের ছেলে মহাজনক চাকমা। এ সময় ভারী বৃষ্টিপাত হলে ছড়ার পানি হঠাৎ বেড়ে যায়। একপর্যায়ে মা ও ছেলে পানির স্রোতে তলিয়ে যান। তাঁরা বাড়িতে না ফেরায় বাসনার স্বামী অলংগ বিকাশ চাকমাসহ স্থানীয়রা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। পরে গত রোববার জুমের ক্ষেত থেকে প্রায় পাঁচ কিলোমিটার দূরে ত্রিপুরাছড়ার পানিতে মহাজনক চাকমার মরদেহ উদ্ধার করা হয়।

এরপর বুধবার জুমের ক্ষেত থেকে প্রায় এক কিলোমিটার দূরে একই ছড়ার প্রায় ২০০ ফুট গভীর পাহাড়ি খাদে বাসনা চাকমার মরদেহের সন্ধান পাওয়া যায়। খবর পেয়ে স্থানীয় ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করেন।

বন্দুকভাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অমর চাকমা বলেন, জুমের কাজ শেষে বাড়ি ফেরার পথে ভারী বৃষ্টিপাতের কারণে ছড়ার পানি হঠাৎ বেড়ে যায়। এতে মা ও ছেলে পানির স্রোতে তলিয়ে নিখোঁজ হন। পরে খোঁজাখুঁজির একপর্যায়ে রোববার ছেলের এবং বুধবার মায়ের মরদেহ উদ্ধার করা হয়।

আরও পড়ুন

×