ঢাকা বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

চুরির মামলায় চালক কারাগারে প্রতিবাদে সড়ক অবরোধ

চুরির মামলায় চালক কারাগারে প্রতিবাদে সড়ক অবরোধ
×

পিকআপভর্তি সরকারি ওষুধ আটকের ঘটনায় চুরির মামলা দিয়ে চালককে কারাগারে পাঠানোর প্রতিবাদে শুক্রবার ঘাটাইলে সড়ক অবরোধ - সমকাল

ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি

প্রকাশ: ২৯ আগস্ট ২০২৬ | ০৯:৩১

| প্রিন্ট সংস্করণ

‘আমরা গেলে ওষুধ নাই, ওষুধ কেন যমুনায়’-এমন স্লোগান দিয়ে শুধু ট্রাকচালক নয়, ঘাটাইল হাসপাতালের ওষুধকাণ্ডে জড়িত অন্যদেরও শাস্তি দাবি করেছেন পরিবহন শ্রমিকরা। গতকাল শুক্রবার সকাল ১০টার দিকে টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কের ঘাটাইল কলেজমোড় এলাকায় প্রায় আধাঘণ্টা সড়ক অবরোধ করে রাখেন তারা। পরে বিক্ষোভ মিছিল নিয়ে হাসপাতাল ঘেরাও করেন।

এর আগে গত বৃহস্পতিবার রাতে ওষুধকাণ্ডে পিকআপচালক আজমত আলীকে আসামি করে চুরির মামলা করেন ঘাটাইল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবু নয়িম মোহাম্মদ সোহেল।
পিকআপচালক আজমত আলীর ভাষ্য, গত বুধবার রাত ১১টার দিকে তাঁর গাড়িতে করে বিপুল পরিমাণ ওষুধ যমুনা নদীতে ফেলে দিতে চেয়েছিল ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ। ভূঞাপুর উপজেলার গোবিন্দাসী এলাকার যমুনা নদীর ঘাটে গাড়িটি পৌঁছালে আটক করেন স্থানীয়রা। এই ঘটনায় গত বৃহস্পতিবার রাতে ঘাটাইল থানায় চুরির মামলা করেন ঘাটাইল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা।
এজাহারে বলা হয়, গত বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পিকআপচালক আজমত আলীসহ অজ্ঞাতপরিচয় কয়েকজন হাসপতালের পরিত্যক্ত কোয়র্টার্সে চুরি করে। সেখান থেকে পিকআপ গাড়িতে ভরে ওষুধপত্র চুরি করে। ওষুধ ছিল ২৫ বস্তা। যার আনুমানিক মূল্য ধরা হয়েছে ১০ লাখ টাকা। গতকাল শুক্রবার দুপুর ১২টার দিকে আসামি আজমত আলীকে টাঙ্গাইল আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
তবে ওষুধকাণ্ডে শুধু পিকআপচালকের বিরুদ্ধে মামলা করায় ফুঁসে ওঠেন পরিবহন শ্রমিকরা। হাসপাতালের কাউকে আসামি না করার প্রতিবাদে সড়ক অবরোধ, বিক্ষোভ মিছিল এবং হাসপাতাল ঘেরাও করেন ঘাটাইল মিনিট্রাক শ্রমিক ইউনিয়নের শ্রমিকরা। তাদের প্রশ্ন, ওষুধ চুরি করে নদীতে ফেলে দিয়ে চালক আজমত আলীর লাভ কী? হাসপাতালে এত লোকের উপস্থিতির মধ্যে পিকআপ ভরে ওষুধ চুরি করা কি সম্ভব?     

ঘাটাইল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু নয়িম মোহাম্মদ সোহেল বলেন, এই বিষয়ে স্বাস্থ্য কমপ্লেক্সের জুনিয়র কনসালট্যান্ট (মেডিসিন) আলমীর করিবকে প্রধান করে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। দুই কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। এই কাজে হাসপাতালের অন্য কেউ জড়িত থাকলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।
অতিরিক্ত পুলিশ সুপার (গোপালপুর সার্কেল) ফৌজিয়া হাবীব খান সমকালকে জানান, থানায় পিকআপ চালকের বিরুদ্ধে চুরির মামলা হয়েছে। মামলা হওয়ার পর রাতেই ভূয়াপুর থানা থেকে চুরি যাওয়া মালপত্র ঘাটাইল থানায় নিয়ে আসা হয়েছে। হাসপাতালের সিসিটিভি ফুটেজ সংগ্রহের কাজ চলমান রয়েছে। বিষয়টি অধিক গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। এই ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত থাকলে তাদেরও আইনের আওতায় আনা হবে।

আরও পড়ুন

×