ঢাকা বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

জলাবদ্ধতা নিরসনে কাটা হচ্ছে নালা

জলাবদ্ধতা নিরসনে কাটা হচ্ছে নালা
×

দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি

প্রকাশ: ২৯ আগস্ট ২০২৬ | ০৯:৩৪

| প্রিন্ট সংস্করণ

দেওয়ানগঞ্জের উপজেলার বাহাদুরাবাদ ইউনিয়নের একটি গ্রাম কলাকান্দা। তার পাশে ঝাপরবিল। বিস্তীর্ণ এই বিলে রয়েছে অন্তত এক হাজার একর জমি। শুষ্ক মৌসুমে চাষাবাদ হয় জমিগুলোতে। বর্ষাকালে পানির নিচে ডুবে থাকে এসব জমি। এই বিলের পানি বের হওয়ার জন্য একটি মাত্র পথ রয়েছে। দখল ও দূষণে পানি প্রবাহ পথটি কয়েক বছর আগে বন্ধ হয়ে যাওয়ায় জলাবদ্ধতা লেগে থাকে।
এই অবস্থা দূর করে জমিগুলোকে বছরে দুই বা ততোধিক ফসল চাষের আওতায় আনতে নালা কেটে বিলের পানি অপসারণের উদ্যোগ নিয়েছে স্থানীয় উপজেলা প্রসাশন। গতকাল শুক্রবার কলাকান্দা ব্রিজের কাছে নালা কাটার কাজ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ জহুরুল হোসেন। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রশিদ সাদা, বাহাদুরাবাদ ইউপি চেয়ারম্যান শাজাহান মিয়া, বাহাদুরাবাদ ইউনিয়ন বিএনপির সভাপতি ছইম উদ্দিন, সাধারণ সম্পাদক আব্দুর রউফ, সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা প্রমুখ।

কলাকান্দা গ্রামের বাসিন্দা আলামিন মিয়া জানান, ওই বিলের জমিতে বছরে একটি ফসল চাষ হয়। রোপা আমন বা অন্য ফসল চাষ হয় না। জলাবদ্ধতা নিরসন হলে জমিগুলোতে একাধিক ফসল চাষ করতে পারবেন কৃষকরা।

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রশিদ সাদা বলেন, কলাকান্দার জলাবদ্ধ জমি থেকে পানি নিষ্কাসন করা হলে বছরে দুই বা ততোধিক ফসলের চাষ হবে। উপকৃত হবেন বহু কৃষক।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ জহুরুল হোসেনের ভাষ্য, জলাবদ্ধতার কারণে কলাকান্দা ঝাপরবিলের অন্তত এক হাজার একর জমিতে সারাবছর ফসল চাষ হয় না। নালা কেটে পানি অপসারণ করলে জলাবদ্ধতা দূর হবে। জমিগুলোতে সারাবছর দুই বা ততোধিক ফসল চাষ হবে।

আরও পড়ুন

×