কৃষকের দেখানো লাল কাপড়ে রক্ষা পেল দ্রুতযান এক্সপ্রেস
ফাইল ছবি
পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশ: ০৯ নভেম্বর ২০১৯ | ০৯:৩৮ | আপডেট: ০৯ নভেম্বর ২০১৯ | ১০:০৭
অল্পের জন্য বেঁচে গেছেন আন্তঃনগর দ্রুতযান এক্সপ্রেস ট্রেনের যাত্রীরা। কৃষকের দেখানো লাল কাপড়ে চালক ট্রেন থামালে বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পায় ট্রেনটি।
শনিবার সকাল সোয়া ৭টার দিকে পার্বতীপুর-দিনাজপুর রেলপথের
হোসেনপুর গ্রামের ৩৮৮/২ পিলারের কাছে রেললাইন ভেঙে যাওয়ায় এ অবস্থার সৃষ্টি
হয়। এ ঘটনায় ওই পথে এক ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ থাকে। পার্বতীপুর স্টেশনে
আটকা পড়ে থাকে দিনাজপুরগামী কাঞ্চন ট্রেনটি।
পার্বতীপুরের হোসেনপুর গ্রামের কৃষক আব্দুল মান্নান বলেন, তিনি সকালে
রেললাইনের পাশ দিয়ে ধানক্ষেতে যাচ্ছিলেন। সময় দেখেন রেললাইনের সংযোগস্থল
থেকে লাইনের কিছু অংশ ভেঙে গেছে। পরে তিনি দ্রুত বাড়িতে গিয়ে লাল কাপড় এনে
তা রেলপথে উঁচুতে তুলে ধরেন।
ট্রেনের চালক ফকরুল ইসলাম বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী দ্রুতযান ট্রেনটি ৬টা ৫০ মিনিটে পার্বতীপুর থেকে পঞ্চগড়ের উদ্দেশে ছেড়ে যায়। মন্মথপুর স্টেশন পার হয়ে তিনি দেখতে পান রেললাইনের ওপর লাল কাপড় উঁচিয়ে ধরে রাখা হয়েছে। লাল কাপড় দেখে ট্রেনটি দাঁড় করাতে সক্ষম হই। নেমে দেখি লাইনের ফিস প্লেটের কাছে লাইনে ৭-৮ ইঞ্চি অংশ ভেঙে গেছে। বিষয়টি সঙ্গে সঙ্গে ট্রেনের গার্ড আজিজার রহমান ও কন্ট্রোল বিভাগে জানাই। দিনাজপুর থেকে রেলপথের কর্মকর্তারা এসে লাইনটি মেরামত কাজ শেষ করলে এক ঘণ্টা বিলম্বে ৮টা ১০ মিনিটে ট্রেনটি ছেড়ে যায়।
এ ব্যাপারে দিনাজপুরের সহকারী নির্বাহী প্রকৌশলী প্রদীপ কুমার সাহা বলেন,
রেললাইন থেকে লোহার অংশটি ছুটে গিয়েছিল। স্থানীয় এক কৃষক তা দেখতে পেয়ে লাল
কাপড় উড়িয়ে ট্রেনটি থামাতে সংকেত দেন। পরে ওই স্থানটি মেরামত করা হলে
ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
