ঢাকা শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬

চুয়াডাঙ্গার ৫ রুটে বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা

চুয়াডাঙ্গার ৫ রুটে বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা
×

নিরাপত্তা ও হামলায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের দাবিতে শুক্রবার জেলার অভ্যন্তরীণ বিভিন্ন রুটে বাস চলাচল বন্ধ রাখেন শ্রমিকেরা। ছবি: সমকাল

চুয়াডাঙ্গা প্রতিনিধি

প্রকাশ: ২৯ আগস্ট ২০২৬ | ১২:৩৬ | আপডেট: ২৯ আগস্ট ২০২৬ | ১২:৪৮

বাসশ্রমিকদের ওপর ইজিবাইকশ্রমিকদের হামলার অভিযোগে চুয়াডাঙ্গার অভ্যন্তরীণ পাঁচটি রুটে বাস ও মিনিবাস চলাচল বন্ধ রয়েছে। শুক্রবার রাতে ধর্মঘটের ঘোষণা দেন চুয়াডাঙ্গা আন্তজেলা বাস-মিনিবাস মালিক গ্রুপের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ। তবে দূরপাল্লার বাস চলাচল স্বাভাবিক রয়েছে।

আজ শনিবার সকাল থেকে চুয়াডাঙ্গা-কুষ্টিয়া, চুয়াডাঙ্গা-মেহেরপুর, চুয়াডাঙ্গা-ঝিনাইদহ, চুয়াডাঙ্গা-জীবননগর ও চুয়াডাঙ্গা-হাটবোয়ালিয়া রুটে বাস ও মিনিবাস চলাচল বন্ধ রয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা। গন্তব্যে যেতে বিকল্প যানবাহনে কয়েক গুণ বেশি ভাড়া দিতে হচ্ছে তাদের।

বাসশ্রমিকদের অভিযোগ, গত বৃহস্পতিবার চুয়াডাঙ্গা শহরের দৌলতদিয়াড় এলাকায় একটি ইজিবাইক চালক নিয়মবহির্ভূতভাবে শহরে প্রবেশের চেষ্টা করেন। এ সময় দায়িত্বে থাকা পুলিশ ও বাসশ্রমিক ইউনিয়নের প্রতিনিধিরা তাকে বাধা দিয়ে ফিরিয়ে দেন। এর জেরে ওই চালক তার সহযোগীদের নিয়ে আলোকদিয়া এলাকায় জড়ো হন। পরে চুয়াডাঙ্গা-মেহেরপুর আঞ্চলিক মহাসড়কে চলাচলকারী একটি বাস আটকে চালক ও সুপারভাইজারকে মারধর করেন এবং বাসটিতে হামলা চালান। একপর্যায়ে তাদের জিম্মি করে রাখা হয়।

খবর পেয়ে চুয়াডাঙ্গা সদর থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাসের চালক ও সুপারভাইজারকে উদ্ধার করে।

এ ঘটনার প্রতিবাদ ও জড়িত ব্যক্তিদের শাস্তির দাবিতে চুয়াডাঙ্গা–আলমডাঙ্গা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের নেতারা ও সাধারণ শ্রমিকেরা দৌলতদিয়াড় এলাকায় বাস আড়াআড়ি রেখে সড়ক অবরোধ করেন। পরে চুয়াডাঙ্গার পুলিশ সুপারের মধ্যস্থতায় এবং প্রশাসনের পক্ষ থেকে ন্যায়বিচারের আশ্বাস পেয়ে অবরোধ তুলে নেওয়া হয়।

তবে শ্রমিকদের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ কাটেনি। নিরাপত্তা ও হামলায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের দাবিতে শুক্রবার জেলার অভ্যন্তরীণ বিভিন্ন রুটে বাস চলাচল বন্ধ রাখেন শ্রমিকেরা। পরে আজ শনিবারও পাঁচটি রুটে বাস ও মিনিবাস চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।

শ্রমিক নেতারা জানিয়েছেন, শ্রমিকদের ওপর হামলার সুষ্ঠু বিচার এবং সড়কে ইজিবাইকের অবৈধ চলাচল বন্ধে প্রশাসন দৃশ্যমান পদক্ষেপ না নেওয়া পর্যন্ত ধর্মঘট চলবে। এদিকে, অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
 

আরও পড়ুন

×