ঘাটাইলে ওষুধকাণ্ডে স্থানীয়দের বিক্ষোভ, ট্রাকচালকের মুক্তির দাবি
সংগৃহীত ছবি
ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: ২৯ আগস্ট ২০২৬ | ১৭:০৮ | আপডেট: ২৯ আগস্ট ২০২৬ | ১৭:১৮
ঘাটাইল হাসপাতালের ওষুধকাণ্ডে জড়িত মূল হোতাদের আড়াল করতে শুধু ট্রাকচালকের বিরুদ্ধে থানায় চুরির মামলা করেছে হাসপাতাল কর্তৃপক্ষ—এমন দাবি করে শনিবার ঘাটাইল কলেজ মোড় থেকে বিক্ষোভ মিছিল নিয়ে হাসপাতালে অবস্থান করেন সাধারণ মানুষ। পরে ট্রাকচালকের মুক্তির দাবিতে তারা থানায় যান।
বিক্ষোভ মিছিলে অংশ নিয়ে বক্তব্য দেন ঘাটাইলের সাধারণ মানুষসহ জনপ্রতিনিধি ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। ঘাটাইল উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান সালাম খান আওয়াল বলেন, এ ঘটনার সঙ্গে জড়িত সবাইকে আইনের আওতায় আনতে হবে। এই কেলেঙ্কারির সঙ্গে জড়িত একজন সদস্যও যেন কোনোভাবে পার পেয়ে না যান।
টাঙ্গাইল জেলা এনসিপির সদস্যসচিব মাসুদুর রহমান রাসেল বলেন, ‘হাসপাতালের স্টোরকিপার সেলিম হোসেনের স্পষ্ট বক্তব্য— তাকে ওষুধগুলো সরানোর নির্দেশ দিয়েছেন আবাসিক চিকিৎসক। তাহলে আবাসিক চিকিৎসককে কে নির্দেশ দিয়েছেন? অবশ্যই হাসপাতালের প্রধান। অথর্ব সিভিল সার্জন ঘটনার চার দিন পার হলেও কোনো প্রকার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেননি।’
তিনি আরও বলেন, শুধু চালকের ওপর দোষ চাপিয়ে ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা আমরা কখনোই মেনে নেব না। যতক্ষণ পর্যন্ত না এর সমাধান হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।
উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মোস্তাক আহমেদ সাগর বলেন, ‘ওষুধ কেলেঙ্কারির ঘটনা সারা দেশে ভাইরাল হয়েছে। হাসপাতালে সিসিটিভি ফুটেজ দেখলেই ঘটনা পরিষ্কার হবে।’
এর আগে ওষুধ কেলেঙ্কারির ওই ঘটনায় শুধু ট্রাকচালকের বিরুদ্ধে কেন মামলা করা হলো এবং হাসপাতালের অন্যদের কেন মামলার আসামি করা হলো না, এর প্রতিবাদে গত শনিবার সড়ক অবরোধ, বিক্ষোভ মিছিল এবং হাসপাতাল ঘেরাও করেন ঘাটাইল মিনি ট্রাক শ্রমিক ইউনিয়নের শ্রমিককেরা।
এদিকে ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোকছেদুর রহমান জানান, হাসপাতাল কর্তৃপক্ষের করা চুরির মামলায় মিনি ট্রাক চালক আজমত আলীকে আদালতে পাঠালে সেখানে তিনি ১৬৪ ধারায় জবানবন্দি দেন। ঘটনার সঙ্গে জড়িত দুজনের নাম বলেছেন আজমত। আদালতে তার দেওয়া তথ্যমতে ওই দুজনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। তাঁদের গ্রেপ্তার করা হলে ওষুধকাণ্ডে জড়িত মূল হোতাদের বের করা যাবে।
প্রসঙ্গত, গত বুধবার রাত ১১টার দিকে একটি মিনি ট্রাকে মেয়াদোত্তীর্ণ ওষুধ ভূঞাপুর উপজেলার গোবিন্দাসী এলাকার যমুনা নদীর ঘাটে ট্রাকটি পৌঁছালে আটক করেন স্থানীয়রা।
- বিষয় :
- টাঙ্গাইল