ঢাকা বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

নোয়াখালীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ২১

নোয়াখালীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ২১
×

ছবি: সমকাল

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশ: ৩১ আগস্ট ২০২৬ | ১২:১৯ | আপডেট: ৩১ আগস্ট ২০২৬ | ১২:৪০

নোয়াখালী জেলা পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ২১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় ১১২ পিস ইয়াবা ট্যাবলেট ও ৪ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

সোমবার বেলা সাড়ে ১১টার দিকে বিষয়টি নিশ্চিত করেন নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) আহমেদ পেয়ার। এর আগে রোববার দিনব্যাপী জেলার বিভিন্ন থানা ও বিট এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

জেলা পুলিশ জানায়, পুলিশ সুপার এন এম নাসিরুদ্দিনের নির্দেশনা ও তত্ত্বাবধানে জেলার বিভিন্ন এলাকায় মোট ১৮টি অভিযান পরিচালনা করা হয়। গ্রেপ্তার ২১ জনের মধ্যে দুজন মাদক ব্যবসায়ী এবং ১৯ জন মাদকসেবী।

বেগমগঞ্জ মডেল থানার পৃথক অভিযানে ১১২ পিস ইয়াবাসহ দুজনকে গ্রেপ্তার করা হয়। এ ছাড়া মোবাইল কোর্টের মাধ্যমে ছয়জনকে সাজা দেওয়া হয়েছে। সেনবাগ থানায় মাদকসেবনের দায়ে ১১ জনকে গ্রেপ্তার করে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়।

সোনাইমুড়ী থানায় ২ গ্রাম গাঁজাসহ একজনকে গ্রেপ্তার করে নিয়মিত মামলা করা হয়েছে। কবিরহাট থানায় আরও ২ গ্রাম গাঁজাসহ একজনকে গ্রেপ্তার করা হয়। পরে মোবাইল কোর্ট তাকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা অর্থদণ্ড দেন।

অতিরিক্ত পুলিশ সুপার আহমেদ পেয়ার বলেন, মাদক ব্যবসা, সরবরাহ, বহন ও সেবনের বিরুদ্ধে নিয়মিত অভিযান ও আইনানুগ ব্যবস্থা গ্রহণের পাশাপাশি জনসচেতনতা এবং সামাজিক প্রতিরোধমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

আরও পড়ুন

×