গ্যাস না পেয়ে ভালুকায় মহাসড়ক অবরোধ, আধাঘণ্টা যান চলাচল বন্ধ
এসএনএস সিএনজি পাম্পে গ্যাস না পেয়ে ক্ষুব্ধ চালকেরা মহাসড়কে অবস্থান নেন। ছবি: সমকাল
নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ
প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২৬ | ১১:৪৮ | আপডেট: ০২ সেপ্টেম্বর ২০২৬ | ১১:৫৭
ময়মনসিংহের ভালুকায় গ্যাস না পেয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছেন সিএনজিচালিত অটোরিকশার চালকেরা। এতে প্রায় আধা ঘণ্টা মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। পরে পুলিশ গিয়ে অবরোধকারীদের সরিয়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়।
মঙ্গলবার রাত ১০টার দিকে ভালুকা পৌর শহরের এসএনএস সিএনজি পাম্পের সামনে এ ঘটনা ঘটে।
ভরাডোবা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলম বলেন, এসএনএস সিএনজি পাম্পে গ্যাস না পেয়ে ক্ষুব্ধ চালকেরা মহাসড়কে অবস্থান নেন। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেখে, ২০ থেকে ২৫ জন সিএনজিচালক মহাসড়কের মাঝখানে একটি অটোরিকশা আড়াআড়ি করে রেখে সড়ক অবরোধ করে রেখেছেন। পরে পুলিশ অটোরিকশাটি সরিয়ে দিলে যান চলাচল শুরু হয়।
পরে স্থানীয় লোকজন ও পাম্প কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে পুলিশ জানতে পারে, এসএনএস পাম্পে পর্যাপ্ত গ্যাস সরবরাহ না থাকায় দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে ছিলেন চালকেরা। গ্যাস না পেয়ে ক্ষুব্ধ হয়ে তারা মহাসড়ক অবরোধ করেন।
- বিষয় :
- ময়মনসিংহ
- গ্যাস সংকট
- মহাসড়ক অবরোধ