ঢাকা বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

নোয়াখালীর বেগমগঞ্জ

অনৈতিক সম্পর্কের ভিডিও ভাইরাল, দুই শিক্ষক বরখাস্ত

অনৈতিক সম্পর্কের ভিডিও ভাইরাল, দুই শিক্ষক বরখাস্ত
×

ছবি: সংগৃহীত

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৬ | ০৮:১৩

নোয়াখালীর বেগমগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের সঙ্গে একই বিদ্যালয়ের এক নারী শিক্ষকের অনৈতিক সম্পর্কের ভিডিও প্রকাশ হওয়ায় তাদের সাময়িক বরখাস্ত করা হয়েছে। গত রোববার পৃথক দুটি অফিস আদেশে তাদের বরখাস্ত করা হয়। বুধবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ইশরাত নাসিমা হাবীব। 

সাময়িক বরখাস্ত হওয়া দুই শিক্ষক বেগমগঞ্জ উপজেলার মিরওয়ারিশপুর ইউনিয়নের ভোলা বাদশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত ছিলেন।  

বরখাস্তের আদেশে বলা হয়, অভিযুক্তদের নৈতিক স্খলন এবং তাদের অশালীন ভিডিও সামাজিক মাধ্যমসহ অনলাইনে ছড়িয়ে পড়ায় প্রাথমিক শিক্ষার ভাবমূর্তি চরমভাবে ক্ষুণ্ন হয়েছে। এ ধরনের অনৈতিক কর্মকাণ্ডের কারণে সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৩৯(১) ধারা অনুযায়ী তাদের সাময়িক বরখাস্ত করা হয়েছে। বরখাস্তকালীন বিধি অনুযায়ী তারা খোরপোশ ভাতা প্রাপ্য হবেন। 

জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, ২০২৫ সালে ওই দুই শিক্ষকের অনৈতিক সম্পর্কের কথা জানাজানি হয়। বিষয়টি জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার নজরে এলে তিনি একটি তদন্ত কমিটির মাধ্যমে তদন্ত করান। তদন্তে প্রাথমিকভাবে বিষয়টি প্রমাণিত হলে দুই শিক্ষককে পৃথক দুটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সংযুক্তিতে বদলি করা হয়। ২০২৬ সালের আগস্টের শেষের দিকে তাদের একটি আপত্তিকর ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়লে বিষয়টি নতুন করে আলোচনায় আসে। এরপর সাময়িক বরখাস্ত করে তাদের বিরুদ্ধে বিভাগীয় মামলা করা হয়। 

খোঁজ নিয়ে জানা যায়, সম্প্রতি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটি গত বছরের ডিসেম্বর মাসে বিদ্যালয়ের অফিসকক্ষ থেকে ধারণ করা। অফিস চলাকালীন কে বা কারা দুই শিক্ষকের অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও ধারণ করে সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেয়। 

এ ব্যাপারে সাময়িক বরখাস্ত হওয়া দুই শিক্ষকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাদের মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।  

জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ইশরাত নাসিমা হাবীব বলেন, সামাজিক মাধ্যমে দুই শিক্ষকের আপত্তিকর ভিডিও ছড়িয়ে পড়ায় এবং বিষয়টি প্রাথমিক শিক্ষার ভাবমূর্তি ক্ষুণ্ন করায় সরকারি চাকরি বিধি অনুযায়ী তাদের সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে বিভাগীয় মামলা চলমান রয়েছে। তদন্তে তারা দোষী সাব্যস্ত হলে বিধি অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন

×