ঢাকা শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬

নানাবাড়ি বেড়াতে এসে অ্যাম্বুলেন্সের ধাক্কায় প্রাণ গেল পাঁচ বছরের শিশুর

নানাবাড়ি বেড়াতে এসে অ্যাম্বুলেন্সের ধাক্কায় প্রাণ গেল পাঁচ বছরের শিশুর
×

মাহফুজা খাতুন

আলমডাঙ্গা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি

প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২৬ | ০৪:২১ | আপডেট: ০৫ সেপ্টেম্বর ২০২৬ | ০৪:৩৯

নানাবাড়িতে বেড়াতে এসে সড়ক পার হওয়ার সময় অ্যাম্বুলেন্সের ধাক্কায় মোছা. মাহফুজা খাতুন (৫) নামের এক শিশু নিহত হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যার দিকে আলমডাঙ্গা-কুষ্টিয়া সড়কের ডম্বলপুর ক্যানেলের ওপর এ দুর্ঘটনা ঘটে।

নিহত মাহফুজা খাতুন আলমডাঙ্গা উপজেলার ডাউকি ইউনিয়নের মাজু গ্রামের মামুন আলীর মেয়ে। তার বাবা মামুন চট্টগ্রামে টাইলস মিস্ত্রির কাজ করেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় এক সপ্তাহ আগে মাহফুজা তার মায়ের সঙ্গে নানাবাড়ি ডম্বলপুর গ্রামের শের আলীর বাড়িতে বেড়াতে আসে। গতকাল বিকেলে সে ক্যানেলের অপর পাশে শিন্নি খেতে যায়। শিন্নি খেয়ে সড়ক পার হওয়ার সময় কুষ্টিয়াগামী একটি দ্রুতগতির অ্যাম্বুলেন্স তাকে ধাক্কা দেয়।

এতে মাহফুজা গুরুতর আহত হয়। স্থানীয় ব্যক্তিরা তাকে দ্রুত চিকিৎসকের কাছে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। শিশুটির মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। পরিবারের সদস্যরা অভিযোগ দিলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন

×