চট্টগ্রামে ওসিসহ আহত ৬
‘সন্ত্রাসী বিহারী বগা’কে প্রধান করে ২৭১ জনের বিরুদ্ধে মামলা
ছবি: সংগৃহীত
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২৬ | ১৭:১৭ | আপডেট: ০৫ সেপ্টেম্বর ২০২৬ | ১৭:১৮
চট্টগ্রাম নগরীর ওয়্যারলেস এলাকায় পুলিশের ওপর হামলা, ওসির গাড়ি ভাঙচুর ও আহত করার ঘটনায় সন্ত্রাসী ওয়াকিল হোসেন ওরফে বিহারী বগাকে (৪২) প্রধান করে ২১ জনের নাম উল্লেখ করে একটি মামলা করেছে পুলিশ। এতে আরও ২৫০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।
আজ শনিবার খুলশী থানা পুলিশ বাদী হয়ে এই মামলা করেন। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। বিহারী বগা পুলিশের খাতায় ১৭ মামলার আসামি। বগা ও তার ভাই রকির বিরুদ্ধে খুলশী ও পাহাড়তলী এলাকায় নানা অপর্কমে জড়িত থাকার অভিযোগ রয়েছে।
নগরের খুলশী থানার ওসি মোহাম্মদ আবদুর রহিম বলেন, গতকাল শুক্রবার পুলিশের ওপর হামলা, সরকারি গাড়ি ভাঙচুর ও পুলিশ আহতের ঘটনায় ২১ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ২৫০ জনের বিরুদ্ধে একটি মামলা করা হয়েছে। আমাকে হুমকি দেওয়ার ঘটনায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। এখনো কাউকে গ্রেপ্তার করা হয়নি।
গতকাল শুক্রবার ভোরে অস্ত্র মামলার গ্রেপ্তারি পরোয়ানা থাকা এবং কলেজ শিক্ষককে অপহরণ করে নিয়ে মারধর করার মামলায় বিহারী বগাকে গ্রেপ্তার করে খুলশীর ওয়্যারলেস এলাকায় বগার বাসায় অভিযান চালাতে যায়। এ খবর পেয়ে বগা ওসিকে ফোন করে পেটানোর হুমকি দেন। ওসির মাকে গালমন্দ করেন। বগার অনুসারীরা হামলা চালিয়ে ওসিসহ ছয় পুলিশ সদস্য আহত করেন। ভাঙচুর করেন খুলশী থানার ওসির সরকারি গাড়ি। পুলিশ পৌঁছানোর আগেই অভিযুক্ত বগা তার বাসার ভেতরে থাকা গোপন সুড়ঙ্গপথ দিয়ে পালিয়ে গেছেন। পরে অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। কিন্তু দুপুরে বগা এক ভিডিও বার্তায় জানান, পুলিশ তার কাছে টাকা চাওয়ায় ওসিকে গালাগালি করেছেন। ওসি আওয়ামী লীগের দোসর। তিনি আওয়ামী লীগ আমলের নির্যাতিত স্বেচ্ছাসেবক দলের নেতা। তিনি কোনো অপরাধ কর্মকাণ্ডের সঙ্গে জড়িত নন।
সর্বশেষ গত বৃহস্পতিবার নগরীর পাহাড়তলী ডিগ্রি কলেজের প্রভাষক মিজানুর রহমানকে তুলে নিয়ে মারধর এবং অধ্যক্ষকে ভিডিও কলে রেখে নির্যাতনের ঘটনায় থানা হওয়া মামলার ২ নম্বর আসামি বগা। বিগত দুই বছর ধরে খুলশী ও পাহাড়তলী পাহাড়ি এলাকায় পাহাড় কাটা, জমি দখল-পাল্টা দখল, মাদক ব্যবসাসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডে বারবার বগার নাম জড়িয়েছে। বগা স্থানীয় বিএনপির সহযোগী সংগঠন স্বেচ্ছাবেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক। সরকার দলীয় রাজনীতির সঙ্গে জড়িত থাকায় বেপরোয়া সন্ত্রাসী ও চাঁদাবাজিমূলক কর্মকাণ্ড করে আসছেন বলে পুলিশ জানিয়েছে।
পুলিশ জানায়, গতকাল শুক্রবার ভোরে বগাকে গ্রেপ্তার করতে অভিযানে গেলে তার বাহিনীর সদস্যরা রাস্তায় ব্যারিকেড দিয়ে পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল ও ককটেল সাদৃশ্য বস্তু নিক্ষেপ করে। এসময় খুলশী থানার ওসির সরকারি গাড়ি ভাঙচুর করা হয়। বগা বাহিনীর হামলায় ওসি আবদুর রহিমসহ ৬ পুলিশ সদস্য আহত হন। আত্মরক্ষার্থে পুলিশ ৩-৪টি সাউন্ড গ্রেনেড ও রাবার বুলেট নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। পালিয়ে যায় বগার অনুসারী দুর্বৃত্তরা। পরে বগার ওয়্যারলেস কলোনির বাসায় তল্লাশি চালিয়ে ভেতরে একটি গোপন সুড়ঙ্গপথের সন্ধান পায় পুলিশ। পুলিশের দাবি, অভিযানের খবর পেয়ে ওই সুড়ঙ্গ পথ দিয়ে আগেই সটকে পড়েন বগা।
সন্ত্রাসী বগা নগরীর ওয়্যারলেস কলোনির মোহাম্মদ জাবেদের ছেলে। দীর্ঘদিন ধরে খুলশী, পাহাড়তলী ও আকবর শাহ এলাকায় চাঁদাবাজি, মাদক, দখলবাজিসহ নানা অপরাধে জড়িত। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ১৭টি মামলা রয়েছে। গত ৮ জুন শৃঙ্খলাপরিপন্থি কর্মকাণ্ডের অভিযোগে তাকে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দল থেকে বহিষ্কার করা হয়।
- বিষয় :
- চট্টগ্রাম