মৃত্যুর রহস্য উদ্ঘাটনে তিন বছর পর কঙ্কাল উত্তোলন
নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৬ | ০৮:৫১
| প্রিন্ট সংস্করণ
হবিগঞ্জের নবীগঞ্জে আলোচিত মৃত্যুর রহস্য উদ্ঘাটনে তিন বছর পর কবর থেকে এক ব্যক্তির কঙ্কাল তুলেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। সোমবার কঙ্কাল তুলে ফরেনসিক পরীক্ষার জন্য গতকাল মঙ্গলবার সকালে রাজধানীর মহাখালীতে পাঠানো হয়।।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের কাকুড়া গ্রামে হযরত নবীন শাহ্ (রহ.) মাজার রয়েছে। প্রতিবছর এ মাজারে বার্ষিক ওরস অনুষ্ঠিত হয়। ২০২৪ সালের ২৪ জানুয়ারি নবীন শাহ্’র মাজারে ১৫৬তম বার্ষিক ওরস অনুষ্ঠিত হয়। ওরসকে কেন্দ্র করে মাজারের সামনে নাচ-গানের আসর বসে। ওই অনুষ্ঠানে নারী শিল্পীসহ অন্যদের সঙ্গে আবুল কালাম ও আব্দুল আজিজ নৃত্য করেন। পরে নাচ ও গানের সঙ্গে তাল মিলিয়ে নাচতে নাচতে এক পর্যায়ে মাটিতে লুটিয়ে পড়ে কালাম ও আজিজ। ঘটনাস্থলে তাদের মৃত্যু হয়।
পরে ময়নাতদন্ত ছাড়াই তাদের মরদেহ দাফন করা হয়। এনিয়ে মৃত আবুল কালামের স্বজনদের মধ্যে প্রতিক্রিয়া দেখা দেয়। তারা দাবি করেন, স্থানীয় ইউপি সদস্য ফজলু মিয়া প্রভাব বিস্তার করে ময়নাতদন্ত ছাড়া তাঁকে দাফন করেন। দুই বছর পর চলতি বছরের ১২ এপ্রিল মৃত আবুল কালামের ছোট ভাই সুমন মিয়া বাদী হয়ে হবিগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন। আদালত মামলাটি আমলে নিয়ে হবিগঞ্জ পিবিআইকে তদন্ত করার দায়িত্ব প্রদান করেন।
বাদী সুমন মিয়ার দাবি, তাঁর ভাইকে পানের সঙ্গে বিষ দিয়ে হত্যা করা হয়েছে। আসামিদের সঙ্গে তৎকালীন ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রভাবশালীদের সঙ্গে সখ্য থাকায় তারা জোর করে ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফন করে। তাদের মামলা করার কোনো সুযোগ দেওয়া হয়নি। সরকার পরিবর্তন হলে মামলা করেন তিনি।
- বিষয় :
- মৃত্যু