মিঠামইনে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
মিঠামইন (কিশোরগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৬ | ১৭:৩১
কিশোরগঞ্জের মিঠামইনে পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে জয়ন্ত নম মন্ডল (৭) ও হাফিজা আক্তার (৪) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। বুধবার সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার গোপদিঘী ইউনিয়নের দক্ষিণ গোপদিঘী গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলো—দক্ষিণ গোপদিঘী গ্রামের জুয়েল মন্ডলের ছেলে জয়ন্ত নম মন্ডল এবং একই গ্রামের আব্দুল কাদেরের মেয়ে হাফিজা আক্তার।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকাল সাড়ে ১১টার দিকে বাড়ির পশ্চিম পাশের একটি পুকুরে গোসল করতে নামে জয়ন্ত ও হাফিজা। গোসলের একপর্যায়ে পরিবারের সদস্যদের অজান্তে তারা পানিতে ডুবে যায়।
কিছুক্ষণ পর পরিবারের লোকজন দুই শিশুকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে জয়ন্তের দাদা আনন্দ মন্ডল পুকুরের পানিতে হাফিজা আক্তারকে ভাসতে দেখেন। পরে কিছু দূরে জয়ন্ত নম মন্ডলকেও পানিতে ভাসতে দেখা যায়।
স্থানীয়দের সহায়তায় দুই শিশুকে উদ্ধার করে মিঠামইন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে দুজনকেই মৃত ঘোষণা করেন।
মিঠামইন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার মাহমুদ বলেন, পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
- বিষয় :
- পানিতে ডুবে মৃত্যু