ঢাকা বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬

বিজ্ঞান বিতর্ক উৎসব

রংপুরে চ্যাম্পিয়ন সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়

রংপুরে চ্যাম্পিয়ন সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়
×

ছবি- সমকাল

মিঠাপুকুর (রংপুর) প্রতিনিধি

প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৬ | ১৯:৫০ | আপডেট: ১০ সেপ্টেম্বর ২০২৬ | ১৯:৫১

ঘড়ির কাঁটায় ৯টা বাজতে তখনও ১৫ মিনিট বাকি। এর মধ্যেই শহরের বিভিন্ন প্রান্ত থেকে সব বিতার্কিক হাজির। নির্ধারিত সময়ের ১৫ মিনিট আগে রংপুর শিশু নিকেতন উচ্চ বিদ্যালয়ের মাঠে এসে সমবেত হতে থাকে তারা। প্রচন্ড রোদ ও গরম উপেক্ষা করে একে একে অনুষ্ঠানস্থলে শিক্ষার্থীদের সাথে এসেছিলেন শিক্ষকরাও। সাড়ে ৯টা বাজতেই উৎসবমুখর পরিবেশ তৈরি হয় জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসবের মাঠ। আর এভাবেই প্রাণবন্ত হয়ে ওঠে বিতর্ক উৎসব।

বিতর্ক মানেই যুক্তি, বিজ্ঞানে মুক্তি— এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে দেশের সবচেয়ে বড় বিজ্ঞান উৎসব আসরের উদ্বোধন হয়েছে রংপুরে। এতে চ্যাম্পিয়ন হয়েছে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়।

১০ সেপ্টেম্বর দিনব্যাপী বিতর্ক উৎসবে মেতেছিল জেলার সেরা ৮টি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। রংপুর শিশু নিকেতন উচ্চ বিদ্যালয়ে সকাল ১০টায় উৎসবের উদ্বোধন করেন রংপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রমিজ আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি সালেকুজ্জামান সালেক। আমন্ত্রিত অতিথি ছিলেন, রংপুর সিটি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির মানিক, শিশু নিকেতন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিমল কুমার রায়। সার্বিক তত্বাবধানে ছিলেন সমকালের মিঠাপুকুর উপজেলা প্রতিনিধি ও বিজ্ঞান বিতর্ক উৎসবের রংপুর জেলা সমন্বয়ক হাবিবুর রহমান সোনা। মডারেটর হিসিবে ছিলেন শিশু নিকেতন উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও বিতার্কিক মোহাম্মদ হামীম। এছাড়াও বিচারক হিসেবে ছিলেন স্বপ্নচুড়া স্কুল অ্যান্ড কলেজের সহকারী শিক্ষক ও বাংলাদেশ বেতার রংপুরের অনুষ্ঠান উপস্থাপক শেখ ফরিদ অভি, বড়বাড়ি বয়েজ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক নাছিমা হক এবং বাংলাদেশ বেতার রংপুরের সংবাদ পাঠক, ও নজিরেরহাট সকাল সন্ধ্যা শিক্ষালয়ের সহকারী শিক্ষক মো. স্বাধীন মিয়া।

বিতর্কে ৮টি দলের মধ্যে ৭টি অংশ নেয়। সেগুলো হলো— রংপুর জিলা স্কুল, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ, শিশু নিকেতন উচ্চ বিদ্যালয়, আরসিসিআই পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, লায়ন্স স্কুল অ্যান্ড কলেজ ও ইউসেপ রবার্টসনগঞ্জ টেকনিক্যাল স্কুল। বেলা ১১ টায় প্রথম পর্বের প্রথম প্রতিযোগীতায় অংশ নেয় রংপুর জিলা স্কুল ও পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের বিতার্কিকরা। এরপর একে একে অংশ নেয় অন্য দলগুলো।

দীর্ঘ বিতর্কের পর বিচারকের রায়ে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। চ্যাম্পিয়ন দলে ছিল— জাকিয়া জারিন জ্যোতি, ফাইজা আফরিন ও তাসফিয়াহ তাফান্নুম। অন্যদিকে রানার্স আপ হয়েছে শিশু নিকেতন উচ্চ বিদ্যালয়। তাদের দলের ছিল— অর্থি সরকার, রাফসানা আক্তার ও মো. জিহান। এছাড়াও সেরা বক্তা নির্বাচিত হয়েছে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের দলনেতা তাসফিয়াহ্ তাফান্নুম।

পরে চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের মাঝে সনদপত্র ও ক্রেস্ট বিতরণ করা হয়।

আরও পড়ুন

×