পদ্মা ব্যারেজ বাস্তবায়িত হলে ২৪ জেলার মানুষ উপকৃত হবেন: পানি সম্পদমন্ত্রী
কুষ্টিয়ায় পদ্মা ব্যারেজ প্রকল্পভুক্ত গড়াই অনেক স্ট্রাকচার নির্মাণ স্থান পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন পানি সম্পদমন্ত্রী শহীদউদ্দিন চৌধুরী এ্যানি। ছবি: সংগৃহীত
কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৬ | ১৯:২৫ | আপডেট: ১১ সেপ্টেম্বর ২০২৬ | ১৯:২৬
পানি সম্পদমন্ত্রী শহীদউদ্দিন চৌধুরী এ্যানি সাংবাদিকদের বলেন, পদ্মা ব্যারেজ প্রকল্প বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি। সরকার গঠনের পর প্রধানমন্ত্রীর তারেক রহমানের নেতৃত্বে একেনেকে এই প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। আগামী বছরের জানুয়ারি থেকে মার্চের মধ্যে এই প্রকল্পের কাজ শুরু হবে।
আজ শুক্রবার বিকেলে কুষ্টিয়ায় পদ্মা ব্যারেজ প্রকল্পভুক্ত গড়াই অনেক স্ট্রাকচার নির্মাণ স্থান পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।
এ্যানি বলেন, এই অঞ্চলে বর্ষায় নদী ভাঙন ও বন্যায় মানুষের বিপুল ক্ষতি হয়। আবার শুষ্ক মৌসুমে নদীতে লবণাক্ততা বেড়ে যায়, ক্ষতিগ্রস্ত হয় উপকূলভাগের জীববৈচিত্র্য। সব দিক বিবেচনায় এই প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। এতে অন্তত ২৪টি জেলার মানুষ উপকৃত হবে। প্রকল্পের কাজ শেষ হতে সাত বছর লাগবে বলে জানান মন্ত্রী।
এ সময় পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, স্থানীয় সংসদ সদস্য, পানিসম্পদ মন্ত্রণালয়ের সচিব ড. একেএম শাহাবুদ্দিনসহ রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।
এর আগে, শুক্রবার বিকেল ৫টায় পানিসম্পদ মন্ত্রী কুষ্টিয়ায় পদ্মা ব্যারেজ প্রকল্পভুক্ত গড়াই অনেক স্ট্রাকচার নির্মাণের স্থান পরিদর্শন আসেন। তিনি পদ্মা থেকে গড়াই নদের উৎপত্তি স্থলে এ প্রকল্প এলাকা ঘুরে দেখেন। এসময় পানি উন্নয়ন বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তা মন্ত্রীর সামনে প্রকল্পের খুঁটিনাটি বিষয় তুলে ধরেন।
কর্মকর্তারা বলেন, গড়াই নদের উৎসমুখে অফটেক চ্যানেলে জলবিদ্যুৎ প্রকল্প স্থাপন করা হবে। এতে সারাবছর এখানে বিদ্যুৎ উৎপাদন করা যাবে। পাশাপাশি এই চ্যানেলের মাধ্যমে শুষ্ক মৌসুমে একটি নির্দিষ্ট পরিমাণ পানি গড়াই নদে প্রবাহিত হবে। এছাড়া দৌলতপুরে পদ্মা নদী থেকে উৎপত্তি হওয়া হিসনা নদীও এই প্রকল্পেন আওতায় রয়েছে।
- বিষয় :
- কুষ্টিয়া