নারীদের গোসলের গোপন ছবি ধারণ নিয়ে দু’পক্ষে সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৬ | ২০:১৬ | আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০২৬ | ২০:১৭
হবিগঞ্জের বানিয়াচংয়ে নারীদের গোসলের গোপন ছবি ধারণকে কেন্দ্র করে দুইপক্ষের সংঘর্ষ হয়েছে। এতে নারী-পুরুষ-শিশুসহ অর্ধশতাধিক লোকজন আহত হয়েছেন। আজ রোববার দুপুরে উপজেলার পুকড়া ইউনিয়নের কাটখাল গ্রামে সংঘর্ষের এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, সম্প্রতি কাটখাল গ্রামের পুকুরে স্থানীয় পুকড়া ইউনিয়ন বিএনপির সভাপতি কাজী লুৎফুর রহমানের পক্ষের কয়েকজনের কয়েকজন নারী গোসল করছিলেন। এ সময় স্থানীয় এরাজত মিয়ার পক্ষের দুই ছেলে গোসলরত নারীদের গোপনে মোবাইল ফোনে ছবি ধারণ করে বলে অভিযোগ ওঠে। বিষয়টি জানাজানি হলে কাজী লুৎফুর রহমানের পক্ষের লোকজন ও এরাজত মিয়ার পক্ষের লোকজনের মধ্যে উত্তেজনা দেখা দেয়। এরই জেরে আজ রোববার দুপুরে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। প্রায় দুই ঘণ্টা ধরে চলা এ সংঘর্ষে উভয়পক্ষের নারী-পুরুষ-শিশুসহ অর্ধশতাধিক লোকজন আহত হন।
খবর পেয়ে বানিয়াচং থানা পুলিশ ও স্থানীয় নেতারা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। গুরুতর আহতদের হবিগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হক জানান, গোসলরত নারীদের গোপন ছবি মোবাইল ফোনে ধারণ করাকে কেন্দ্র করে দুইপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
- বিষয় :
- হবিগঞ্জ