মালবাহী ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ
ছবি: সমকাল
নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ
প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৬ | ২০:০৮
ময়মনসিংহের গফরগাঁওয়ে মালবাহী ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে ঢাকা-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। দুর্ঘটনার কারণে বিভিন্ন স্টেশনে আটকা পড়েছে কয়েকটি ট্রেন।
রোববার বিকেল সাড়ে ৫টার দিকে গফরগাঁও উপজেলার কাওরাইদ ও মশাখালী রেলওয়ে স্টেশনের মাঝামাঝি গোলাবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকতার হোসেন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ঢাকা থেকে ময়মনসিংহের উদ্দেশে ছেড়ে আসা মালবাহী ট্রেনটি গোলাবাড়ি এলাকায় পৌঁছালে একটি বগি লাইনচ্যুত হয়। এরপর নিরাপত্তার স্বার্থে ঢাকা-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল স্থগিত রাখা হয়েছে।
লাইনচ্যুত বগিটি উদ্ধারে রিলিফ ট্রেনকে খবর দেওয়া হয়েছে জানিয়ে ওসি বলেন, রিলিফ ট্রেন ঘটনাস্থলে পৌঁছাতে কিছুটা সময় লাগছে। সেটি পৌঁছানোর পর উদ্ধারকাজ শুরু হবে।
দুর্ঘটনার কারণে ঢাকা-ময়মনসিংহ রুটের বিভিন্ন স্টেশনে কয়েকটি ট্রেন আটকা পড়েছে। ময়মনসিংহ রেলওয়ে স্টেশনে ঢাকাগামী তিস্তা এক্সপ্রেস দাঁড়িয়ে রয়েছে বলে জানা গেছে।
ময়মনসিংহ রেলওয়ে স্টেশনের স্টেশন সুপার আবদুল্লাহ আল হারুন বলেন, দুর্ঘটনার কারণে গুরুত্বপূর্ণ কয়েকটি ট্রেনের সময়সূচিতে বিপর্যয় দেখা দিতে পারে। পরিস্থিতি বিবেচনায় ঢাকাগামী ট্রেনগুলো গৌরীপুর হয়ে চলাচলের বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, লাইন থেকে লাইনচ্যুত বগি সরানোর পর রেলপথ স্বাভাবিক করে ট্রেন চলাচল পুনরায় শুরু করার চেষ্টা চলছে।