বিএফএফ-সমকাল জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসব
দিনাজপুরে চ্যাম্পিয়ন পার্বতীপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ
ছবি: সমকাল
দিনাজপুর প্রতিনিধি
প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৬ | ২০:৩৭
দিনাজপুরে অনুষ্ঠিত ১২তম বিএফএফ-সমকাল জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন হয়েছে পার্বতীপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ। রানার্সআপ হয়েছে দিনাজপুর সারদেশ্বরী বালিকা উচ্চ বিদ্যালয়। আর শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হয়েছেন সারদেশ্বরী বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ফাহমিদা ফাইজাহ।
রোববার সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত দিনাজপুর প্রেসক্লাব অডিটরিয়ামে এ বিতর্ক উৎসব অনুষ্ঠিত হয়। এতে দিনাজপুর জেলার আটটি বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেয়।
অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলো হলো- দিনাজপুর কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ, দিনাজপুর ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ, পার্বতীপুর কেবি রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ, দিনাজপুর জিলা স্কুল, দিনাজপুর কলেজিয়েট স্কুল অ্যান্ড কলেজ, পার্বতীপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ, দিনাজপুর পুলিশ লাইনস উচ্চ বিদ্যালয় এবং দিনাজপুর সারদেশ্বরী বালিকা উচ্চ বিদ্যালয়।
চ্যাম্পিয়ন পার্বতীপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের দলের সদস্য ছিলেন- চিত্রলেখা রঞ্জন, আবিদা রহমান তাহিয়া ও ফিরোজ আসেফ। রানার্সআপ সারদেশ্বরী বালিকা উচ্চ বিদ্যালয়ের দলের সদস্য ছিলেন- জারিয়া জামান, তাসনিম জাহান রিমি ও ফাহমিদা ফাইজাহ।
উৎসব শেষে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের হাতে সনদপত্র তুলে দেওয়া হয়। এ ছাড়া চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের শিক্ষার্থী এবং শ্রেষ্ঠ বক্তার হাতে ক্রেস্ট ও টি-শার্ট তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে মডারেটর হিসেবে ছিলেন দিনাজপুর সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি সুলতান কামাল উদ্দিন বাচ্চু। বিচারক ছিলেন আয়কর আইনজীবী শাহনেওয়াজ ফিরোজ শুভ শাহ্। এ সময় সমকালের পার্বতীপুর প্রতিনিধি মাহমুদুর রহমান, ফুলবাড়ী প্রতিনিধি আজিজুল হক, সমকাল সুহৃদ সমাবেশের উপদেষ্টা তুষার শুভ্র বসাক, সভাপতি মোস্তাফিজুর রহমান, শুভ মহন্তসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।