ঢাকা রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬

আ’লীগ গণতন্ত্র বিনাশকারী-বর্বর, আর জামায়াতের রাজনৈতিক ইতিহাস বর্বরদের পক্ষে: রিজভী

আ’লীগ গণতন্ত্র বিনাশকারী-বর্বর, আর জামায়াতের রাজনৈতিক ইতিহাস বর্বরদের পক্ষে: রিজভী
×

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৬ | ২১:৩৪

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, জুলাই আন্দোলনে শিশু-কিশোরসহ বহু মানুষকে গুলি করে হত্যা করেছে আওয়ামী লীগ। পুলিশ ও র‌্যাবকে লেলিয়ে দেওয়া হয়েছে, হেলিকপ্টার থেকে ছাত্রদের মিছিলে গুলি করা হয়েছে। এসবের বিরুদ্ধে গোটা জাতি ঐক্যবদ্ধ হয়ে আওয়ামী লীগের পতন ঘটিয়েছে। অথচ ৫ আগস্টের পর জামায়াত বলেছে, তারা আওয়ামী লীগকে মাফ করে দিয়েছে। তাদের রাজনৈতিক ইতিহাস তাহলে বর্বরদের পক্ষে এবং গণতন্ত্র বিনাশকারীদের সঙ্গে সম্পর্ক রক্ষার।

আজ রোববার বিকেলে কুমিল্লার চৌদ্দগ্রামের সোনাপুর গ্রামে গত ১২ ফেব্রুয়ারির নির্বাচন-পরবর্তী সহিংসতায় ধানের শীষে ভোট দেওয়ায় অগ্নিসংযোগে ক্ষতিগ্রস্ত তিন পরিবারের জন্য নবনির্মিত বাড়ির চাবি হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, আওয়ামী লীগ সরকারের সময় তৎকালীন বিরোধী দল বিএনপির বিপুলসংখ্যক নেতাকর্মীকে গুম-খুন করা হয়েছে। প্রধানমন্ত্রী হওয়ার আগে ও পরে তারেক রহমান এসব পরিবারের পাশে দাঁড়িয়েছেন। এ কারণে তিনি ‘আমরা জিয়া পরিবার’ নামে একটি সংগঠন তৈরি করেছেন।

জামায়াতের সমালোচনা করে তিনি বলেন, গুলশানে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের দোসররা মিছিল করার চেষ্টা করেছে। জামায়াত বলছে, বিএনপির আশকারায় তারা মিছিল করার চেষ্টা করেছে। বিএনপির ইতিহাস হচ্ছে ন্যায়ের পক্ষে, অঙ্গীকার রক্ষার পক্ষে এবং সব মুনাফিকির বিরুদ্ধে।

রিজভী বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বলেছিলেন, এরশাদ একটি অবৈধ সরকার; তাঁর অধীনে নির্বাচন হবে না। এরশাদের পতন পর্যন্ত খালেদা জিয়া সেই অবস্থানে অটল ছিলেন। কিন্তু আওয়ামী লীগ ও জামায়াত একসঙ্গে সেই নির্বাচনে অংশ নিয়েছিল।

জামায়াতের রাজনীতি নিয়ে সমালোচনা করে তিনি বলেন, জামায়াত ধর্মের নামে রাজনীতি করে। তারা ধর্মের নামে বেহেশতের টিকিট বিক্রি করে। মানুষের মনে ভয় ঢুকিয়ে দিয়ে রাজনৈতিক ফায়দা লুটার চেষ্টা করছে।

চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সভাপতি কামরুল হুদার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সংসদ সদস্য ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, ‘আমরা জিয়া পরিবার’-এর সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন, সংরক্ষিত মহিলা সংসদ সদস্য রাশেদা বেগম হিরা, কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি ও কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাতুল বারী আবু, কুমিল্লা ওয়াসার চেয়ারম্যান আশিকুর রহমান মাহমুদ ওয়াসিমসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতারা।

পরে সন্ধ্যায় চৌদ্দগ্রাম পৌর বিএনপি আয়োজিত আরেকটি মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন রিজভী।

আরও পড়ুন

×