বকেয়া বেতনের দাবিতে পোশাক শ্রমিকদের বিক্ষোভ
ছবি: সংগৃহীত
নিজস্ব প্রতিবেদক, সাভার
প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৬ | ২২:৩০
সাভারের আশুলিয়ায় বকেয়া বেতন-ভাতা পরিশোধ এবং শ্রমিক নেতাদের নামে দায়ের অভিযোগ প্রত্যাহারের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছেন একটি পোশাক কারখানার শ্রমিক-কর্মচারীরা। রোববার সকাল ১০টার দিকে আশুলিয়ার বুড়িবাজার এলাকায় ‘ক্লথিং কার্নিভালস লিমিটেড’ নামে পোশাক কারখানার প্রধান ফটকের সামনে এই কর্মসূচি শুরু হয়। সন্ধ্যা ৭টা পর্যন্ত শতাধিক শ্রমিক-কর্মচারী কারখানা ভেতরে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন।
আন্দোলনরত শ্রমিকদের অভিযোগ, কারখানাটির দুই শতাধিক শ্রমিক ও কর্মচারীর তিন মাসের বেতন-ভাতা বকেয়া রয়েছে। পাওনা পরিশোধের বিষয়ে মালিকপক্ষ বারবার প্রতিশ্রুতি দিলেও বাস্তবায়ন করেননি। দীর্ঘদিন বেতন না পাওয়ায় পরিবার-পরিজন নিয়ে আর্থিক অনটনে মানবেতর দিন কাটাচ্ছেন তারা।
ক্ষুব্ধ শ্রমিকরা জানান, পাওনা আদায় এবং শ্রমিক নেতাদের বিরুদ্ধে আশুলিয়া থানায় করা মিথ্যা অভিযোগ প্রত্যাহারের দাবিতে তারা কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর, শ্রম মন্ত্রণালয়, শিল্প পুলিশ এবং সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবর স্মারকলিপি দিয়েছেন। প্রশাসনিক কোনো কার্যকর সমাধান না পেয়ে কারখানার প্রধান ফটকে অবস্থান কর্মসূচি শুরু করেছেন তারা। রোববার রাত ৮টায়ও এই কর্মসূচি চলছিল বলে জানা গেছে।
বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড শিল্প শ্রমিক ফেডারেশনের সভাপতি রফিকুল ইসলাম সুজন বলেন, শ্রমিকদের তিন মাসের বেতন বকেয়া রাখা কারখানা কর্তৃপক্ষের অন্যায়। দ্রুত বকেয়া পাওনা পরিশোধ করে সংকটের সমাধান না করা পর্যন্ত শ্রমিক-কর্মচারীরা তাদের এই ন্যায্য অবস্থান কর্মসূচি চালিয়ে যাবে।
এ বিষয়ে বক্তব্য নেওয়ার জন্য কারখানা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো দায়িত্বশীল কর্মকর্তা মন্তব্য করতে রাজি হননি।
এই ঘটনায় আশুলিয়া শিল্প-১ পুলিশের সুপার মোমিনুল ইসলাম ভূঁইয়া জানান, কারখানাটি মূলত সাব-কন্ট্রাক্টে কাজ পরিচালনা করত। শ্রমিকদের তিন মাসের বেতন বকেয়া থাকায় তারা সকাল থেকে অবস্থান কর্মসূচি শুরু করেছে। সন্ধ্যার পরও তারা কারখানার ভেতরে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন। বিষয়টি সমাধানের লক্ষ্যে মালিক পক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হচ্ছে বলে জানান তিনি।
- বিষয় :
- সাভার
- পোশাক শ্রমিক
- বিক্ষোভ