ঢাকা রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬

নওগাঁয় বিজ্ঞান বিতর্ক উৎসবে আট শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের যুক্তির লড়াই

নওগাঁয় বিজ্ঞান বিতর্ক উৎসবে আট শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের যুক্তির লড়াই
×

ছবি-সমকাল

নওগাঁ প্রতিনিধি

প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৬ | ২২:২৭

‘বিতর্ক মানেই যুক্তি, বিজ্ঞানে মুক্তি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁয় অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশন (বিএফএফ)-সমকাল বিজ্ঞান বিতর্ক উৎসব। যুক্তির পাল্টা যুক্তি, তথ্য-উপাত্ত ও ক্ষুরধার বক্তব্যে রোববার দিনভর মুখর ছিল শহরের প্রশিকা বিদ্যানিকেতন মিলনায়তন। জেলার আট শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এতে অংশ নিয়ে বিজ্ঞান, প্রযুক্তি ও সমসাময়িক নানা বিষয়ে নিজেদের মতামতের পক্ষে যুক্তি তুলে ধরে।

রোববার সকাল ১০টায় উৎসবের উদ্বোধন করেন নওগাঁর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মাসুদুল হক। সমকাল সুহৃদ সমাবেশ নওগাঁর সভাপতি মৌদুদুর রহমান কল্লোলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম।

জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ‘যুক্তিবাদী নাগরিক তৈরি করতে বিতর্কচর্চা গুরুত্বপূর্ণ। বিজ্ঞান শিক্ষার্থীদের প্রশ্ন করতে শেখায়, আর বিতর্ক যুক্তি ও বিশ্লেষণের মাধ্যমে উত্তর খুঁজতে সহায়তা করে।’

তিনি আরও বলেন, ‘শিক্ষার্থীদের শুধু ভালো ফলাফলের মধ্যে সীমাবদ্ধ রাখলে হবে না; তাদের যুক্তিবোধ, সৃজনশীলতা ও মানবিক মূল্যবোধে সমৃদ্ধ করতে হবে।’

পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, ‘বিতর্ক শিক্ষার্থীদের অন্যের বক্তব্য শুনতে, বিশ্লেষণ করতে এবং যুক্তি দিয়ে নিজের মত প্রকাশ করতে শেখায়। সচেতন ও দায়িত্বশীল সমাজ গঠনে এ চর্চা গুরুত্বপূর্ণ।’

তিনি বলেন, ‘বিজ্ঞানমনস্ক শিক্ষার্থীরা কুসংস্কার, গুজব ও সামাজিক অসঙ্গতির বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।’

উৎসবের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সমকাল সুহৃদ সমাবেশ নওগাঁর সাধারণ সম্পাদক প্রকৌশলী চন্দন কুমার দেব। বিতর্ক প্রতিযোগিতার মডারেটরের দায়িত্ব পালন করেন সংগঠনের সহ-সভাপতি মুরাদ হোসেন।

শাহজালাল ইসলামী ব্যাংকের সহযগিতায় সমকাল সুহৃদ সমাবেশ আয়োজিত এ সনাতনী বিতর্ক প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন নওগাঁ সরকারি কলেজের ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক জাকির হোসেন, বাংলা বিভাগের সহকারী অধ্যাপক রেশমা পারভীন, ভূগোল বিভাগের সহকারী অধ্যাপক স্বপন কুমার পাল, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক বাকী বিল্লাহ এবং রসায়ন বিভাগের প্রভাষক শামীম রেজা।

প্রতিযোগিতায় অংশ নেয় নওগাঁ কৃষ্ণধন (কেডি) সরকারি উচ্চবিদ্যালয়, নওগাঁ সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, নওগাঁ জিলা স্কুল, পিএম বালিকা উচ্চবিদ্যালয়, নওগাঁ সীমান্ত পাবলিক উচ্চবিদ্যালয়, নওগাঁ বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ, মরছুলা বালিকা উচ্চবিদ্যালয় ও জনকল্যাণ উচ্চবিদ্যালয়।

বিতর্কের বিভিন্ন পর্বে শিক্ষার্থীরা নিজেদের বক্তব্যের সমর্থনে তথ্য-উপাত্ত ও যুক্তি তুলে ধরে। প্রতিপক্ষের বক্তব্যের অসংগতি চিহ্নিত করে তারা তাৎক্ষণিক পাল্টা যুক্তি উপস্থাপন করে। শিক্ষার্থীদের সাবলীল উপস্থাপনা, যুক্তির ধার ও আত্মবিশ্বাসে প্রতিযোগিতার পরিবেশ হয়ে ওঠে প্রাণবন্ত।

আয়োজকেরা বলেন, মুখস্থনির্ভর শিক্ষার বাইরে শিক্ষার্থীদের চিন্তা, বিশ্লেষণ ও প্রশ্ন করার সক্ষমতা বাড়ানো জরুরি। বিতর্কচর্চা তাদের নিজের মত প্রকাশের পাশাপাশি ভিন্নমতকে সম্মান করতে শেখায়। বিজ্ঞানমনস্ক ও যুক্তিনির্ভর সমাজ গঠনে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

প্রতিযোগিতায় নওগাঁ কৃষ্ণধন (কেডি) সরকারি উচ্চবিদ্যালয় চ্যাম্পিয়ন এবং নওগাঁ সীমান্ত পাবলিক উচ্চবিদ্যালয় রানারআপ নির্বাচিত হয়। শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হন বিজয়ী দলের দলনেতা এমএম ত্বাহা।

আরও পড়ুন

×