যশোরে বিজ্ঞান বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়
ছবি- সমকাল
যশোর অফিস
প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৬ | ১৮:২৪
চূড়ান্ত পর্বে ১২তম বিএফএফ-সমকাল জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসবের যশোর জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হয়েছে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। রানারআপ হয়েছে যশোর জিলা স্কুল। আর সেরা বিতার্কিক নির্বাচিত হয়েছেন রানারআপ দলের দলনেতা সাফওয়ান।
‘বিতর্ক মানেই যুক্তি, বিজ্ঞানে মুক্তি’—এই প্রত্যয়ে বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশন (বিএফএফ) ও দৈনিক সমকাল সুহৃদ সমাবেশের আয়োজনে বুধবার যশোর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠে এ উৎসব অনুষ্ঠিত হয়। জেলার স্বনামধন্য আটটি শিক্ষাপ্রতিষ্ঠানের ২৪ জন শিক্ষার্থী এতে অংশ নেয়।
সকাল ৯টা থেকেই প্রতিযোগিতাস্থলে জড়ো হতে থাকেন শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকরা। কেউ ঘড়ির দিকে তাকিয়ে সময় গুনছিল, কেউ ছোট চিরকুট দেখে শেষ মুহূর্তের প্রস্তুতি নিচ্ছিল। সকাল ১০টায় শুরু হয় যুক্তিতর্কের লড়াই। দিনভর দুই কক্ষে শিক্ষার্থীদের পাল্টাপাল্টি যুক্তি, তথ্য-উপাত্ত ও বুদ্ধিদীপ্ত বক্তব্যে মুখর হয়ে ওঠে পুরো আয়োজন।
বিতর্ক উৎসবের উদ্বোধন করেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (উপসচিব) ও যশোর পৌরসভার প্রশাসক রফিকুল হাসান। তিনি বলেন, বিতর্ক মানুষের ব্যক্তিত্বকে আলোকিত ও মুক্তবুদ্ধিসম্পন্ন করে। কোনো বিষয়কে গভীরভাবে অনুসন্ধান করতেও বিতর্ক সহায়তা করে। শিক্ষার্থীদের মধ্যে পরমতসহিষ্ণুতার চর্চা অব্যাহত রেখে মানবতা প্রতিষ্ঠার আহ্বান জানান তিনি। একই সঙ্গে এ ধরনের আয়োজনের জন্য সমকালকে ধন্যবাদ জানান।
সমকাল সুহৃদ সমাবেশ যশোর শাখার সভাপতি অ্যাডভোকেট আমিনুর রহমান হিরুর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন যশোর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হোসনেয়ারা পারভীন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব হারুন অর রশিদ, যশোর চেম্বার অব কমার্সের যুগ্ম সম্পাদক এজাজ উদ্দিন টিপু, বায়েজিদ মাহমুদ অভি প্রমুখ।
চ্যাম্পিয়ন দলের বিতার্কিকরা হলেন ইফফাত জামান রায়া, রুপন্তী ও দেবলিনা। রানারআপ দলের অন্য দুই বিতার্কিক হলেন অভ্র ঘোষ ও সাবিত।
প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব হারুন অর রশিদ, শিশুসাহিত্যিক ও সাংবাদিক হাবিবুর রহমান মিলন, বিসিএমসি ইঞ্জিনিয়ারিং কলেজের রেজিস্ট্রার ও ধ্রুব নিউজের সম্পাদক হাবিবুর রহমান রিপন, উদীচী যশোরের সহসাধারণ সম্পাদক আসিফ আকবর নিপপন, মাইকেল মধুসূদন ডিবেট ফেডারেশনের চেয়ারম্যান বায়জিত মাহমুদ অভি, তাসনিমুল আলম এবং সুহৃদ সমাবেশের সাধারণ সম্পাদক সুকান্ত দাস।
উৎসবে যশোর জিলা স্কুল, যশোর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, যশোর কালেক্টরেট স্কুল, যশোর এমএসটিপি স্কুল অ্যান্ড কলেজ, যশোর সরকারি শিক্ষাবোর্ড মডেল স্কুল অ্যান্ড কলেজ, যশোর ইসলামিয়া উচ্চ বালিকা বিদ্যালয়, বিএএফ শাহীন স্কুল অ্যান্ড কলেজ ও শংকরপুর মাধ্যমিক বিদ্যালয় অংশ নেয়।
যশোর জিলা স্কুলের বিতার্কিক শুভ্র ঘোষ বলেন, শুরুতে কিছুটা নার্ভাস থাকলেও প্রতিযোগিতাস্থলে এসে অন্যদের দেখে ভালো লেগেছে।
অভিভাবকরাও ছিলেন উৎসাহিত। আব্দুল কাদের নামে এক অভিভাবক বলেন, বিতর্কের মাধ্যমে শিক্ষার্থীরা আলোকিত ও মুক্তবুদ্ধিসম্পন্ন মানুষ হিসেবে গড়ে ওঠে। যশোরে একসময় নিয়মিত বিতর্ক উৎসব হলেও সমকালের এ আয়োজন তাতে নতুন মাত্রা যোগ করেছে।
সমাপনী অনুষ্ঠানে অতিথিরা বিজয়ী ও অংশগ্রহণকারী বিতার্কিকদের হাতে পুরস্কার তুলে দেন।
- বিষয় :
- বিতর্ক উৎসব
- সমকাল