ঢাকা বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬

অভিযোগ কুরুচিপূর্ণ কনটেন্ট তৈরির, গ্রেপ্তার রাজনৈতিক মামলায়

অভিযোগ কুরুচিপূর্ণ কনটেন্ট তৈরির, গ্রেপ্তার রাজনৈতিক মামলায়
×

ছবি: সংগৃহীত

কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি

প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৬ | ২১:৩৯

কুষ্টিয়ার কুমারখালীতে কুরুচিপূর্ণ কনটেন্ট তৈরির অভিযোগে আটক স্বেচ্ছাসেবক লীগের সাবেক এক নেতাকে রাজনৈতিক মামলায় গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ। গত মঙ্গলবার সন্ধ্যায় তাকে শহরতলির গড়াই সেতু এলাকা থেকে আটক করা হয়।

বুধবার বিকেলে ২০২৪ সালের একটি বিস্ফোরক আইনের মামলায় তাকে আদালতে পাঠায় পুলিশ। বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

গ্রেপ্তার রাকিবুল আলম মামুন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক। তিনি যদুবয়রা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্রজনতার অভ্যুত্থানের পর তিনি কনটেন্ট তৈরি করে ফেসবুকে নিয়মিত প্রকাশ করতেন। তার কনটেন্ট বেশ জনপ্রিয় হয়ে উঠলে বিভিন্ন এলাকার অনুসারীদের নিয়ে বিভিন্ন বয়সী কনটেন্ট ক্রিয়েটরদের নিয়ে জমায়েত করতেন।

তার বিরুদ্ধে অশ্লীল কনটেন্ট তৈরি ও শিক্ষকতার নীতি-নৈতিকতা বিরোধী কর্মকাণ্ডের অভিযোগ তোলেন উপজেলা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীরা। তারা গত মঙ্গলবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দেন।

এ বিষয়ে উপজেলা এনসিপির সদস্য সচিব আলামিন হোসেন আকাশ বলেন, ‘মামুন আগে আওয়ামী লীগের রাজনীতি করত। ২০২৪ সালের ৫ আগস্ট সরকার পরিবর্তনের পর থেকে তিনি সুকৌশলে সামাজিক মাধ্যমে কনটেন্ট তৈরি করে প্রচার শুরু করেন। তিনি অশ্লীল ও কুরুচিপূর্ণ কনটেন্ট তৈরি করে যুবসমাজকে নষ্ট করছেন। শিক্ষকতা পেশার সঙ্গে বিষয়টি যায় না।’ এ জন্য তদন্ত করে সুষ্ঠু বিচারের আশায় তারা লিখিত অভিযোগ দিয়েছেন।

এ বিষয়ে কুমারখালী থানার ওসি জামাল উদ্দিন বলেন, ৫ আগস্টের ঘটনায় মামুনের সক্রিয় ভূমিকায় ছিল। সেই মামলায় তাকে গ্রেপ্তার করে বুধবার বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অন্য অভিযোগের বিষয়ে মন্তব্য করতে রাজি হননি।

ইউএনও ফারজানা আখতার বলেন, স্কুলশিক্ষক মামুনের বিরুদ্ধে অশ্লীল ভিডিও তৈরির লিখিত অভিযোগ পেয়েছেন। শিক্ষা কর্মকর্তাকে বিষয়টি খতিয়ে দেখতে বলা হয়েছে।

আরও পড়ুন

×