ঢাকা বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬

ঝিনাইদহে বিজ্ঞান বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন সরকারি উচ্চ বিদ্যালয়

ঝিনাইদহে বিজ্ঞান বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন সরকারি উচ্চ বিদ্যালয়
×

ছবি- সমকাল

ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৬ | ২২:২৮

‘বিতর্ক মানেই যুক্তি, বিজ্ঞানে মুক্তি’ প্রতিপাদ্যে ঝিনাইদহে বিএফএফ-সমকাল জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন হয়েছে ঝিনাইদহ সরকারি উচ্চ বিদ্যালয়। রানারআপ হয়েছে পৌর মডেল স্কুল অ্যান্ড কলেজ। আর শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হয়েছেন রানারআপ দলের দলনেতা তামজিদা ইয়াসমিন।

বুধবার সকাল ১০টা থেকে পৌর মডেল স্কুল অ্যান্ড কলেজ মিলনায়তনে জেলার আটটি শিক্ষাপ্রতিষ্ঠানের অংশগ্রহণে শুরু হয় এ উৎসব। বিকেল পর্যন্ত চলে প্রতিযোগিতা। প্রতিযোগিতা শেষে বিজয়ী দল, রানারআপ দল ও শ্রেষ্ঠ বক্তার হাতে ক্রেস্ট ও সনদ তুলে দেন প্রধান অতিথিসহ অন্য অতিথিরা। সুহৃদ সমাবেশের আয়োজনে এ বিতর্ক উৎসব অনুষ্ঠিত হয়।

প্রতিযোগিতায় প্রধান অতিথি ছিলেন পৌর মডেল স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষিকা শাহানাজ পারভীন। বিচারকের দায়িত্ব পালন করেন ঝিনাইদহ আমেনা খাতুন কলেজের পদার্থবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক উৎপল কুমার বৈদ্য, সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের তড়িৎ বিভাগের বিভাগীয় প্রধান পবিত্র কুমার বিশ্বাস এবং ঝিনাইদহ আব্দুর রউফ মহাবিদ্যালয়ের ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক মিজানুর রহমান। প্রতিযোগিতার সঞ্চালকের দায়িত্ব পালন করেন সমকাল সুহৃদ সমাবেশের জেলা কমিটির সভাপতি আব্দুস সালাম।

বিচারকেরা বলেন, বিভিন্ন কারণে অনেক শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের সৃজনশীল কার্যক্রম কমে গেছে। তবে অনেক প্রতিষ্ঠানই শিক্ষার্থীদের সৃজনশীল কাজে এগিয়ে নিচ্ছে। বর্তমান সময়ে শিক্ষার্থীদের যুক্তিবোধ ও সঠিক দিকনির্দেশনা দেওয়ার জন্য এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ। বিতর্কের মাধ্যমে শিক্ষার্থীরা একই বিষয়ে পক্ষে ও বিপক্ষে যুক্তি উপস্থাপনের সক্ষমতা অর্জন করে। এতে তাদের চিন্তাশক্তি ও সহনশীলতা বাড়ে।

তারা আরও বলেন, সমাজে সহনশীলতা কমে যাচ্ছে। অনেকেই ভিন্নমত গ্রহণ করতে পারছেন না। বিতর্ক শিক্ষার্থীদের ভিন্নমতকে যুক্তির মাধ্যমে গ্রহণ ও বিশ্লেষণ করার সক্ষমতা তৈরি করে। এ ধরনের আয়োজনের জন্য সমকালকে ধন্যবাদ জানান তারা।

প্রধান অতিথির বক্তব্যে শাহানাজ পারভীন বলেন, বিজ্ঞান বিতর্ক উৎসবের বিষয়গুলো খুবই সুন্দর ছিল। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের বিজ্ঞানের বিভিন্ন দিক সম্পর্কে জানতে উৎসাহিত করবে। শিক্ষার্থীদের সৃজনশীলতা বিকাশেও এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ। তিনি এমন আয়োজনের জন্য সমকালকে ধন্যবাদ জানান।

আরও পড়ুন

×