ইউসিবিএলের অর্থ আত্মসাৎ মামলা
সাবেক ভূমিমন্ত্রী জাবেদ ও তার স্ত্রীসহ ৩৬ জনের বিরুদ্ধে আরও দুজনের সাক্ষ্য
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৬ | ২২:৫০ | আপডেট: ১৬ সেপ্টেম্বর ২০২৬ | ২২:৫২
ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবিএল) ২৫ কোটি টাকা আত্মসাৎ এবং হুন্ডির মাধ্যমে বিদেশে পাচারের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের দায়ের করা মামলায় সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদসহ ৩৬ জনের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ অব্যাহত রয়েছে। চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ আদালতে বুধবার দুজনের সাক্ষ্য গ্রহণ হয়েছে। এ নিয়ে এই মামলায় মোট ৪৫ জন সাক্ষ্য দিলেন।
গত ৫ জানুয়ারি মামলার তদন্ত কর্মকর্তা দুদকের প্রধান কার্যালয়ের উপপরিচালক মো. মশিউর রহমান চট্টগ্রাম মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালতে মামলাটির অভিযোগপত্র জমা দিয়েছিলেন। দুদকের পাবলিক প্রসিকিউটর মোকাররম হোসাইন জানিয়েছেন, ২১ সেপ্টেম্বর মামলার পরবর্তী সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করা হয়েছে।
মামলার অভিযোগপত্রে বলা হয়েছে, জাবেদের পারিবারিক প্রতিষ্ঠান আরামিট গ্রুপের প্রটোকল অফিসার ফরমান উল্লাহ চৌধুরীকে নামসর্বস্ব ভিশন ট্রেডিং নামে একটি ব্যবসা প্রতিষ্ঠানের মালিক সাজিয়ে ইউসিবিএল থেকে ২৫ কোটি টাকা ঋণ অনুমোদন করা হয়। পরে জাবেদ তাঁর কর্মচারীদের দিয়ে সেই টাকা উত্তোলন করে হুন্ডির মাধ্যমে বিদেশে পাচার করে সম্পত্তি কিনেন। ২০১৯ সালের ১৩ অক্টোবর থেকে ২০২০ সালের ১৩ ফেব্রুয়ারির মধ্যে এ আত্মসাতের ঘটনা ঘটে।
মামলার আসামিদের মধ্যে জাবেদ ছাড়াও আছেন, তাঁর স্ত্রী ইউসিবিএল ব্যাংকের সাবেক চেয়ারম্যান রুকমীলা জামান, সাবেক পরিচালক আসিফুজ্জামান চৌধুরী ও রোকসানা জামান চৌধুরী, ব্যাংকটির সাবেক পরিচালক বশির আহমেদ আফরোজা জামান, সৈয়দ কামরুজ্জামান প্রমুখ।
- বিষয় :
- মামলা