ঢাকা বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬

বিএনপি নেতাকে আ.লীগ ট্যাগ দিয়ে গ্রেপ্তারের অভিযোগ, পুলিশের অস্বীকার

বিএনপি নেতাকে আ.লীগ ট্যাগ দিয়ে গ্রেপ্তারের অভিযোগ, পুলিশের অস্বীকার
×

ফাইল ছবি

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৬ | ২২:৪২

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় মো. সাদেক আলী নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। পুলিশ তাঁকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মী হিসেবে গ্রেপ্তার দেখালেও স্থানীয় বিএনপি নেতারা দাবি করেছেন, সাদেক আলী বোয়ালিয়া ইউনিয়ন বিএনপির ৬ নম্বর ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক। পুলিশ অযথা হয়রানি করতে তাঁকে আওয়ামী লীগের ট্যাগ দিয়েছে বলে অভিযোগ তাদের। 

তবে পুলিশের দাবি, সাদেক আলীর আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ততার পর্যাপ্ত তথ্যপ্রমাণ তাদের কাছে রয়েছে।

গত সোমবার রাতে গ্রেপ্তারের পর মঙ্গলবার সাদেক আলীকে আদালতে সোপর্দ করে জেল হাজতে পাঠানো হয়। এ ঘটনার পর স্থানীয় বিএনপিতে তোলপাড় শুরু হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, সাদেক আলীর এক ভাই আওয়ামী লীগের রাজনীতিতে যুক্ত থাকলেও তিনি দীর্ঘদিন বিএনপির রাজনীতির সঙ্গেই জড়িত। বোয়ালিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রানা ও স্থানীয় ইউপি সদস্য গোলাম কিবরিয়া জানান, পারিবারিক সম্পর্কের কারণে সাদেক আলীকে আওয়ামী লীগের কর্মী বানানো একটি উদ্দেশ্যপ্রণোদিত ঘটনা। বিএনপি নেতারা পুলিশকে সতর্কতার সঙ্গে তদন্তের আহ্বান জানিয়েছেন।

এদিকে সাদেক আলীর পরিবার জমিজমা সংক্রান্ত বিরোধ এবং পুলিশের ঘুষের দাবিকে কেন্দ্র করে এই গ্রেপ্তারের অভিযোগ তুলেছে। তাঁর ছেলে মো. স্বাধীনের দাবি, জমিজমা সংক্রান্ত এক অভিযোগ তদন্তের নামে গোমস্তাপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. শাকিল আগে তাদের কাছে দুই লাখ টাকা দাবি করেছিলেন এবং হুমকি দিয়েছিলেন। সেই টাকা না দেওয়ায় মধ্যরাতে পুলিশ বাড়ি থেকে তাঁর বাবাকে তুলে নিয়ে যায়। তবে পরিদর্শক শাকিল টাকা চাওয়া ও হুমকির বিষয়টি সম্পূর্ণ অস্বীকার করেছেন।

অতিরিক্ত পুলিশ সুপার এএনএম ওয়াসিম ফিরোজ এবং গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুরে আলম জানান, নিয়মিত তদন্তের ভিত্তিতে সন্ত্রাসবিরোধী কর্মকাণ্ডে যুক্ত থাকা এবং আওয়ামী লীগের রাজনীতির তথ্যপ্রমাণ যাচাই-বাছাই করেই তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযোগের সত্যতা আদালতেই নির্ধারিত হবে উল্লেখ করে অতিরিক্ত পুলিশ সুপার জানান, টাকা দাবির বিষয়ে পরিবার লিখিত অভিযোগ দিলে তা তদন্ত করে দেখা হবে।
 

আরও পড়ুন

×