ভারতে সাজা খেটে বেনাপোল দিয়ে দেশে ফিরল শিশুসহ ১৮ জন
বেনাপোল প্রতিনিধি
প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৬ | ২২:৫৩
ভারতের পশ্চিমবঙ্গের বিভিন্ন সেফ হোমে আটকে থাকা বা আশ্রয় নেওয়া ১৮ জন বাংলাদেশি নাগরিক মাধ্যমে দেশে প্রত্যাবর্তন করছেন। আজ বুধবার বেনাপোল স্থলবন্দর দিয়ে প্রবেশ করেন তারা। কলকাতা অবস্থিত বাংলাদেশ উপ-হাইকমিশনের প্রচেষ্টায় এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনায় এই প্রত্যাবাসন প্রক্রিয়া সম্পন্ন হচ্ছে। এরা বিভিন্ন মেয়াদে সেখানে আটকা ছিল।
জানা যায়, কলকাতার বাংলাদেশ উপ-হাইকমিশন থেকে পাঠানো তথ্যের ভিত্তিতে গত ১০ সেপ্টেম্বর পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ এশিয়া-১ শাখার সহকারী সচিব এস. এম. রাহাতুল ইসলাম স্বাক্ষরিত এক দাপ্তরিক চিঠিতে এই তথ্য নিশ্চিত করা হয়।
চিঠিতে জানানো হয়, কলকাতার বাংলাদেশ উপ-হাইকমিশন কর্তৃক ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বিভিন্ন সেফ হোমে অবস্থানরত ১৯ জনের মধ্যে ১৮ জন বাংলাদেশির নাগরিকত্ব যাচাই ও ট্রাভেল পারমিট ইস্যু করা হয়েছে। প্রাথমিক তালিকায় ১৯ জনের নাম থাকলেও শুভ মজুমদার ওরফে শুভ মজুমদার নামের একজন নাগরিকের পারিবারিক আবেদন এবং সিএএ সংক্রান্ত প্রক্রিয়া চলমান থাকায় তিনি আজকের এই দফায় দেশে ফিরছেন না। ফলে বাকি ১৮ জন নারী ও শিশুকে আজ নির্দিষ্ট প্রক্রিয়ার মাধ্যমে বেনাপোল চেকপোস্ট দিয়ে বাংলাদেশে হস্তান্তর করা হয়েছে।
ফেরত আসা ১৮ জন হলেন- খুলনার মজনু হাওলাদারের ছেলে সিয়াম হাওলাদার (১৪), সাতক্ষীরার হৃদয় কুমার মণ্ডলের ছেলে নিউটন কুমার মন্ডল (১৮), একই জেলার মৃদাঙ্গ মিস্ত্রির ছেলে জয়কুমার মিস্ত্রি (১৭), ঠাকুরগাওয়ের ফরমান আলীর মেয়ে অনুজ বেগম (৫০), গাইবান্ধার বাবলু মিয়ার মেয়ে শাপলা খাতুন (২২), সাতক্ষীরার রসিদুলের ছেলে সাকিবুল সরদার (৬), নরসিংদী জেলার রোমান শেখের ছেলে আব্দুর রহমান (১৫), বরিশালের সঞ্জয় কুমারের ছেলে স্বপন ওঝা (৬), যশোরের আলিম উদ্দিন মোল্যার ছেলে সহিদ মোল্যা (৮), গোপালগঞ্জের ঢালূ বল্লভের মেয়ে লিমা বল্লব (১৬), সাতক্ষীরার মনির হোসেন মেয়ে সুমি খাতুন (২২), গোপালগঞ্জের সমীর রায়ের মেয়ে পপি রায় (১৫), খুলনার সাহাদতের মেয়ে সোনিয়া আক্তার (১৪) ও সোনিয়া আক্তারের ছেলে সালমান (১)। একই জেলার জীবন সর্দার মেয়ে জান্নাতি বেগম (১৪), লালমনিরহাটের বিশ্বজিতের মেয়ে বনশ্রি রায় (১৬), নারাণগঞ্জের পরশের মেয়ে ইমরাত জাহান শ্রাবন্তী (১৬) ও দিনাজপুরের জাহাঙ্গীর হোসেনের ছেলে মেহেদী হাসান (১৭)।
যাদের প্রত্যাবাসন করা হচ্ছে
তালিকায় থাকা ১৮ জন বাংলাদেশির মধ্যে বিভিন্ন বয়সের নারী, পুরুষ ও শিশুরা রয়েছে। তারা পশ্চিমবঙ্গের সিনি, কলকাতা, ধ্রুবাস্রম (উত্তর ২৪ পরগনা), ঈশ্বর সংকল্প (কলকাতা), পঙ্কজ আচার্য মহিলা নিবাস (নদীয়া), কিশলয় হোম (উত্তর ২৪ পরগনা), রামকৃষ্ণ বিবেকানন্দ মিশন ও এসপএম হোম (হাওড়া) প্রভৃতি সেফ হোমে এতদিন অবস্থান করছিলেন।
বেনাপোল ইমিগ্রেশন ওসি সাইফুর রহমান বলেন, এরা পাসপোর্ট ভিসা বাদে অবৈধপথে ভারত গিয়ে ধরা পড়ে। এরপর বিভিন্ন মেয়াদে সেখানে আটকা থাকার পর আজ বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে দেশে ফেরত আসে।
ফেরত আসাদের বেসরকারি সংস্থা জাস্টিস অ্যান্ড কেয়ার মহিলা আইনজীবী সমিতি ও যশোর রাইটস গ্রহণ করেছেন। মহিলা আইনজীবী সমিতির সমন্বয়কারী রেখা বিশ্বাস বলেন, ফেরত আসাদের আমাদের যশোর নিজেদের শেল্টার হোমে রাখা হবে। এরপর তাদের পরিবারের সঙ্গে যোগাযোগ করে হস্তান্তর করা হবে।
- বিষয় :
- ভারত