মাওয়া ঘাটে গিয়ে বিপাকে চার শিশু
লৌহজং (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৬ | ০৮:৩২
| প্রিন্ট সংস্করণ
পরিবারের অজান্তে বাসা থেকে বের হয়ে ট্রেনে করে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার মাওয়া ঘাটে ঘুরতে এসে নিখোঁজ হয়েছিল চার শিশু। অবশ্য কয়েক ঘণ্টার মধ্যেই তাদের উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দেয় পদ্মা সেতু উত্তর থানা পুলিশ।
গতকাল বুধবার বেলা ১১টার দিকে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানার ইস্টার্ন বাজার এলাকার বাসা থেকে বের হয় রাব্বি (১০), রায়হান (১১), হাসান (১১) ও হোসাইন (১১)। তাদের সবার বাড়ি দক্ষিণ কেরানীগঞ্জের ইস্টার্ন বাজার এলাকায়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, চার শিশু কেরানীগঞ্জের তেঘরিয়া রেলস্টেশন থেকে ট্রেনে উঠে মাওয়া রেলস্টেশনে নামে। এরপর মাওয়া ঘাট এলাকায় ঘোরাঘুরি করে তারা। একপর্যায়ে সঙ্গে থাকা ২০০ টাকা শেষ হয়ে গেলে বাড়িতে ফিরতে না পেরে সন্ধ্যা ৭টার দিকে চন্দ্রের বাড়ি বাজার এলাকায় কান্নাকাটি করতে থাকে।
এ সময় অটোরিকশাচালক মো. ফারুক শিশুদের দেখতে পেয়ে তাদের কাছে যান। পরে তিনি শিশুদের নিরাপদে উদ্ধার করে বিষয়টি থানায় জানান। খবর পেয়ে পদ্মা সেতু উত্তর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে চার শিশুকে নিজেদের হেফাজতে নেয়।
পরে পুলিশ শিশুদের পরিবারের সঙ্গে যোগাযোগ করে। পরিবারের সদস্যরা থানায় এসে পরিচয় নিশ্চিত করলে চার শিশুকে তাদের বাবাদের জিম্মায় বুঝিয়ে দেওয়া হয়।
পদ্মা সেতু উত্তর থানার ওসি সৈয়দ আক্তার হোসেন জানান, শিশুদের না পেয়ে পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করছিলেন। শিশুদের ফিরে পাওয়ার খবরে পরিবারে স্বস্তি ফিরে এসেছে।
- বিষয় :
- শিশু